বগুড়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গতকাল শুক্রবার ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া শহরের সিটি বালিকা উচ্চবিদ্যালয়, পৌর উচ্চবিদ্যালয়, প্রি-ক্যাডেট উচ্চবিদ্যালয় ও সরকারি আজিজুল হক কলেজ কেন্দ্র থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলাকালে ওই ১৪ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৪টি মুঠোফোন জব্দ করা হয়েছে। পরে সার্কিট হাউসে আনার পর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাসুদুর রহমান এই দণ্ড দেন। দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ পরীক্ষার্থী, একজন সহায়তাকারী এবং আরেকজন ভুয়া পরীক্ষার্থী।
এঁদের মধ্যে মুঠোফোনে খুদে বার্তায় উত্তর সরবরাহ নেওয়ায় ১২ জন পরীক্ষার্থী এবং তাঁদের সহায়তা করায় একজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যের পরীক্ষা দিতে আসায় আটক ভুয়া পরীক্ষার্থীকে দুই মাসের দণ্ড দেওয়া হয়েছে। গতকালই তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ড পাওয়া পরীক্ষার্থীরা হলেন: বগুড়ার শাজহানপুর উপজেলার মোস্তাফিজার রহমান, কাহালুর মামনুর রশীদ, দুপচাঁচিয়ার সন্তোষ কুমার প্রামাণিক, শিবগঞ্জের দেবব্রত কুমার, ধুনটের খোকন মিয়া ও রাফিউল রাফি, নন্দীগ্রামের আক্কাস আলী, নওগাঁ সদরের আবদুল হান্নান, রানীনগর উপজেলার মোস্তাফিজুর রহমান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শহীদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলার শামিম প্রধান এবং জয়পুরহাটের কালাই উপজেলার জান্নাতুল ফেরদৌস। আর প্রশ্নের উত্তর সরবরাহের দায়ে ধুনটের কামরুল হাসানকে এক মাসের দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুই মাসের দণ্ড পাওয়া ভুয়া পরীক্ষার্থী হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জাসুরুল ইসলাম।
আদালতের বিচারক মাসুদুর রহমান জানান, জাসুরুল ইসলাম অন্যের পরীক্ষা দিতে আসার পাশাপাশি মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফাঁস করা প্রশ্নের উত্তর সরবরাহ নেওয়ায় তাঁকে দুই মাসের দণ্ড দেওয়া হয়েছে। অন্যরা পরীক্ষার হলে মুঠোফোনের খুদে বার্তায় উত্তর সরবরাহ নেওয়ায় তাঁদের এক মাস করে দণ্ড দেওয়া হয়েছে।
পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দণ্ড পাওয়া ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেসরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা ঘিরে আগে থেকেই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় ছিল। পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কিছু পরীক্ষার্থীর মুঠোফোনে পূর্ণাঙ্গ উত্তরসহ খুদে বার্তা আসতে থাকে। বিষয়টি কর্তব্যরত কর্মকর্তাদের নজরে এলে পরীক্ষাকেন্দ্রগুলোতে মুঠোফোন তল্লাশি শুরু হয়। এ সময় প্রশ্ন ফাঁস ও উত্তরপত্র সরবরাহ নেওয়ার সঙ্গে জড়িত থাকায় তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৪টি মুঠোফোন জব্দ করা হয়।
জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, পরীক্ষার হলে কেউ যাতে মুঠোফোন না রাখতে পারেন, এ জন্য প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে আগে থেকেই মুঠোফোন তল্লাশি করতে কক্ষ পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এর পরও কিছু পরীক্ষার্থী কৌশলে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফাঁস করা প্রশ্নপত্রের উত্তর সরবরাহ নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে পরীক্ষার হলগুলোতে মুঠোফোন তল্লাশি চালানো হয় এবং ১৪ জনকে আটক করা হয়।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, পরীক্ষার হলে মুঠোফোনে প্রশ্ন ফাঁস ও উত্তরের ব্যাপারে আগে থেকেই পুলিশ গোয়েন্দা তথ্য পেয়েছিল। এ জন্য তারা তৎপর ছিল।