বগুড়ায়ও শিবিরের ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পর বগুড়ায়ও ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন পুলিশের দুই কনস্টেবল। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ে ক্ষুব্ধ হয়ে শিবিরের কর্মীরা এ ধরনের ঝটিকা হামলা চালাচ্ছেন। বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ে খুশি হয়ে বেলা পৌনে একটার দিকে বগুড়ার গণজাগরণ মঞ্চ শহরের সাতমাথা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি থানা মোড় হয়ে সাতমাথায় ফিরে আসার পরপরই চাঁদনী বাজার রোড থেকে শিবিরের ৮-১০ জন কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা থানা মোড়ে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে ককটেল ছোড়েন। এতে কনস্টেবল রফিকুল ইসলাম ও আবদুল কুদ্দুস আহত হন। পাশাপাশি তাঁরা থানাসংলগ্ন মার্কেটের একটি কনফেকশনারির দোকানে ককটেল ছোড়েন। এতে দোকানের ক্ষয়ক্ষতি হলেও দোকানদার অক্ষত রয়েছেন। তবে পুলিশ কোনো কিছু বুঝে ওঠার আগেই শিবিরের কর্মীরা পালিয়ে যান।

এদিকে এই ঘটনার পরপরই শহরের ইয়াকুবিয়া মোড়ে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ হোসেন ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।