বগুড়ার কাঁচা মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
বগুড়ায় কৃষকের উৎপাদিত কাঁচা মরিচ দেশের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে। বগুড়ায় প্রতিদিন সাতসকালে খেত থেকে কাঁচা মরিচ তুলে কৃষকেরা বিক্রির জন্য নিয়ে যান স্থানীয় বাজারে। সেখান থেকে পাইকারদের মাধ্যমে কাঁচা মরিচ কিনছে ঢাকার একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান। এরপর সেগুলো প্যাকেটজাত করা হচ্ছে রপ্তানির জন্য।
বাংলাদেশ শাকসবজি, ফলমূল ও পান রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর প্রথম আলোকে বলেন, মধ্যপ্রাচ্যের কাঁচা মরিচের বাজার এত দিন দখল করে ছিল ভারত। বর্তমানে সে দেশ থেকে মধ্যপ্রাচ্যে কাঁচা মরিচ রপ্তানি বন্ধ রয়েছে। এ সুযোগে মধ্যপ্রাচ্যসহ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বাজার দখল করতে দেশগুলোতে বগুড়ার কাঁচা মরিচ পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে বগুড়ার কাঁচা মরিচের বেশ কদর। তিনি বলেন, দুই বছর ধরে বগুড়ার কাঁচা মরিচ বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি কাঁচা মরিচ রপ্তানি হয়। এ সময়ে দেশের ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান বগুড়া থেকে গড়ে পাঁচ হাজার মেট্রিক টন কাঁচা মরিচ বিদেশে পাঠায়।
বগুড়ার গাবতলী উপজেলার জালশুকা, নারিল্যা, সুবোদ, কলাকোপাসহ কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, সাতসকালে মাঠে মাঠে কৃষকেরা খেত থেকে কাঁচা মরিচ তুলে সেখানেই স্তূপ করেছেন। খেত থেকেই পাইকারেরা দরদাম করে কাঁচা মরিচ কিনে আড়তে নিচ্ছেন। কোনো কোনো কৃষক খেত থেকে কাঁচা মরিচ তুলে তা জালশুকা, সুবোদ ও তরণীহাট—এ তিন বাজারে নিচ্ছেন। আড়তে ও বাজারে কৃষকের কাছ থেকে কেনা এসব কাঁচা মরিচ কার্টনে ভরে প্যাকেটজাত করা হচ্ছে। প্রতিটি কার্টনে পাঁচ কেজি করে প্যাকেটজাত করা এ কাঁচা মরিচ পরে ট্রাকে করে সরাসরি নেওয়া হচ্ছে রাজধানীর বিমানবন্দরে।
জালশুকা বাজারের আড়তদার জাহিদুর ইসলাম প্রথম আলোকে বলেন, এ বাজার থেকে প্রতিদিন রেকর্ড পরিমাণ কাঁচা মরিচ বিদেশে পাঠানো হচ্ছে। ঢাকার মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানি নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এখান থেকে কাঁচা মরিচ কিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠাচ্ছে। রপ্তানির কারণে কৃষকেরা মরিচের ভালো দাম পাচ্ছেন। পাইকারি এ ব্যবসায়ীর কথার সত্যতা মেলে নারিল্যা গ্রামের কৃষক তায়েজুল ইসলামের সঙ্গে কথা বলে। তিনি বলেন, ‘এক একর জমিতে মরিচ চাষ করেছি। আজ (শনিবার) এক দিনেই প্রায় ১০০ মণ মরিচ খেত থেকে বিক্রি করে এক লাখ টাকা হাতে পেয়েছি। সব মিলিয়ে চার লাখ টাকার মরিচ বিক্রি করতে পারব বলে আশা করছি। এবার দামও ভালো। মৌসুম শুরুর দিকে প্রতিমণ দুই হাজার টাকা দরে মরিচ বিক্রি করেছি। এখন বিক্রি করছি ১ হাজার ১০০ টাকা মণ দরে।’
সাতসকালে খেতে মরিচ তুলছিলেন নারিল্যা গ্রামের কৃষক শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘গত বছর এমন সময়ে খেত থেকে মরিচ তুলে দাম পেয়েছি মাত্র ৪০০ টাকা। এবার দাম পাচ্ছি ১ হাজার ১০০ টাকা। কাঁচা মরিচ বিদেশে যাওয়ার কারণেই এবার চাহিদা বেশি, দামও ভালো পাচ্ছি। ৪০ শতক জমিতে মরিচ চাষ করে এবার উৎপাদন খরচ তুলেও ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ করেছি।’
গাবতলী উপজেলার সুবোদ বাজারে গিয়ে দেখা গেল, সকালে সকালে সেখানে ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট কাঁচা মরিচের বাজার। পাইকারেরা কৃষকের কাছ থেকে মরিচ কিনে বাজারেই স্তূপ করছেন। সেখানে শ্রমিকেরা এসব মরিচ পরিষ্কার করে রপ্তানির জন্য কার্টনে ভরছেন।
বাজারে মরিচ বিক্রি করতে আসা কলাকোপা গ্রামের কৃষক তাহাজুল হোসেন বলেন, ‘গত বছর দাম কম হওয়ার কারণে মরিচ চাষ করে উৎপাদন খরচ ওঠেনি। এবার বিদেশে রপ্তানি হওয়ার কারণে দাম ভালো পাচ্ছি। ১৬ শতক জমির কাঁচা মরিচ বিক্রি করে ইতিমধ্যেই খরচ বাদে ৫০ হাজার টাকা লাভ করেছি।’
সুবোদ বাজারের কাঁচা তরিতরকারির আড়তদার মেসার্স মণ্ডল ভান্ডারের মালিক শাহ্ আলম বলেন, সুবোদ, তরণীহাট ও জালশুকা বাজার থেকে গড়ে প্রতিদিন ৩০০ মণ করে কাঁচা মরিচ বিদেশে রপ্তানি হচ্ছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স জেনারেল ট্রেডিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান বাজার থেকে এসব মরিচ কিনে শ্রমিক লাগিয়ে প্যাকেটজাত করছে।
জালশুকা বাজারে কাঁচা মরিচ প্যাকেটজাত করার কাজে নিয়োজিত শ্রমিক সোহাগ শেখ বলেন, কৃষিপণ্য রপ্তানির এ প্রক্রিয়াকরণ কাজে প্রতিদিন প্রায় দু শ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুন্ড প্রথম আলোকে বলেন, এবার জেলায় ৮ হাজার হেক্টর জমিতে ৩২ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ২৪ হাজার মেট্রিক টন মরিচই কৃষকেরা খেত থেকে কাঁচা বিক্রি করছেন। বগুড়া থেকে বিশ্ববাজারে কাঁচা মরিচ রপ্তানির যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা এখানকার কৃষকের জন্য সুখবর। উৎপাদিত কৃষিপণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে পারলে কৃষক ফসলের ন্যায্য দাম পাবেন এবং লাভবান হবেন। বিশ্ববাজার ধরতে খেতে কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি ভালো বীজ ও সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।