বগুড়ার চারটি ইউনিয়ন চলে যাবে জামালপুরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনার তীরবর্তী বগুড়ার সারিয়াকান্দি উপজেলা এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমানা নির্ধারণ নিয়ে চরাঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আদালতের রায় অনুযায়ী সীমানা নির্ধারণ করা হলে সারিয়াকান্দির চারটি ইউনিয়ন মাদারগঞ্জে চলে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সারিয়াকান্দি উপজেলার চর এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চারজন চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, সীমানা নির্ধারণে মাদারগঞ্জ উপজেলার পক্ষে হাইকোর্টের একতরফা রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) করা হয়েছে। এ ছাড়া ওই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েও আবেদন করা হয়েছে। এ সত্ত্বেও মাদারগঞ্জ উপজেলার লোকজন চরের জমিতে সীমানা খুঁটি স্থাপনের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এ নিয়ে চরাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
বোহাইল ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ১৯০৭ সালের বেঙ্গল অ্যাক্ট সার্ভে অনুযায়ী ১৯২৬ সালে বগুড়া ও ময়মনসিংহ জেলার সিএস মানচিত্র চূড়ান্ত করা হয়। এক বছর পর ১৯২৭ সালে সংশোধনী সিএস মানচিত্র চূড়ান্ত হয়। ১৯৩৪ সালে আরেক দফা মানচিত্র সংশোধন করা হয়। পরে ১৯৬২ সালে এসএ মানচিত্র তৈরি করা হয়। ১৯৭২ ও ১৯৯৬ সালে আরও দুই দফা আরএস মানচিত্র চূড়ান্ত করে বগুড়া ও জামালপুর জেলার সীমানা নির্ধারণ করা হয়। ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া ও জামালপুর—দুই জেলার আন্তসীমানায় (১৯২৬, ১৯২৭ এবং ১৯৩৪ সংশোধিত ম্যাপ অনুযায়ী) সীমানারেখাসহ খুঁটি স্থাপন করা হয়। এখন পর্যন্ত সেই সীমানা বলবৎ থাকলেও প্রতিবছর যমুনার ভাঙনে চরের বিশাল অংশ বিলীন হয়ে যাচ্ছে। নদীর ওপারে নতুন করে কয়েক হাজার বিঘার চর জেগে উঠছে।
কাজলা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, জেগে ওঠা চরের এসব জমি বগুড়ার চালুয়াবাড়ী, কাজলা, কর্নিবাড়ী ও বোহাইল ইউনিয়নের বিভিন্ন মৌজার হলেও তা জামালপুর জেলার বিভিন্ন মৌজার অন্তর্ভুক্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন মাদারগঞ্জ উপজেলার লোকজন। আদালত একতরফা রায় ঘোষণা করে ভূমি জরিপ অধিদপ্তরকে সীমানা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। ভূমি জরিপ অধিদপ্তরের লোকজনকে সঙ্গে নিয়ে দুই মাস আগে সারিয়াকান্দির চরে সীমানাখুঁটি স্থাপন করতে আসে। স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে সীমানা নির্ধারণ না করেই ফিরে যান ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা।
চালুয়াবাড়ি ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, রিভিউ পিটিশনের শুনানি না হতেই মাদারগঞ্জ এলাকার লোকজন রাতে আবারও সীমানাখুঁটি স্থাপনের কার্যক্রম চালাচ্ছেন। এতে সারিয়াকান্দির চারটি ইউনিয়নের দেড় লাখ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
কর্নিবাড়ি ইউপির চেয়ারম্যান আজাহার আলী বলেন, আদালতে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই সীমানাখুঁটি স্থাপন করতে দেওয়া হবে না।’
সারিয়াকান্দি ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, ‘বিষয়টি এখনো উচ্চ আদালতের চূড়ান্ত ফয়সালার অপেক্ষায় রয়েছে। তা ছাড়া চরাঞ্চল এখন পানির নিচে। এ অবস্থায় সীমানাখুঁটি স্থাপনের চেষ্টা করে কোনো লাভ হবে না।’