বগুড়ার দুই মেডিকেল কলেজে শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৫ অধ্যাপকসহ ৫৭ শিক্ষকের পদ শূন্য রয়েছে। সরকারি এই মেডিকেল কলেজে শিক্ষকের এত পদ শূন্য থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
এদিকে টিএমএসএস মেডিকেল কলেজেও ছয় অধ্যাপকসহ ৮৫ শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষকসংকটে বেসরকারি এ মেডিকেল কলেজটিতেও পাঠদান ব্যাহত হচ্ছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ কলেজে ২৬ বিভাগে শিক্ষকের অনুমোদিত পদ আছে ১৪২টি। এর মধ্যে ৫৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে ফিজিক্যাল মেডিসিন বিভাগে সহযোগী ও সহকারী অধ্যাপকের দুটি পদই ফাঁকা থাকায় পুরো বিভাগটি এখন শিক্ষকশূন্য। শল্য বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের দুটি করে চারটি এবং সহকারী অধ্যাপকের তিনটি পদ শূন্য। গাইনি বিভাগে অধ্যাপকের একটি, সহযোগী অধ্যাপকের তিনটিসহ ছয়টি পদ ফাঁকা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষকসংকটে তাঁদের কয়েকটি বিভাগের পাঠদান ব্যাহত হচ্ছে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব জানান, কলেজে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছেন। তবে কলেজে শিক্ষকসংকট থাকলেও পাঠদান ব্যাহত হচ্ছে না। এ জন্য প্রত্যেক বিভাগে যে কয়জন শিক্ষক রয়েছেন তাঁরাই অতিরিক্ত ক্লাস নিয়ে সংকট সমাধান করছেন। শিক্ষকসংকট নিরসনে প্রতি মাসেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে। ১৫ অধ্যাপকের শূন্যপদ জরুরিভিত্তিতে পূরণ করা প্রয়োজন। এ ছাড়া হৃদ্রোগ বিভাগে ‘ইন্টারভেনশন কার্ডিওলজি’ পদ সৃষ্টি করা প্রয়োজন।
টিএমএসএস মেডিকেল কলেজেও শূন্যতা: কলেজটির প্রশাসনিক বিভাগের দেওয়া তথ্যে জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজে ২১টি বিভাগে ১৯৮ শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ৮৫ পদই শূন্য রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, কলেজে এমবিবিএসে ৪৯৮ ও বিডিএসে ৫৮ জন শিক্ষার্থী পড়ছেন। কিন্তু কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই। বেশ কিছু বিভাগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে অতিথি বা খণ্ডকালীন শিক্ষক এনে পাঠদান করানো হচ্ছে। অতিথি শিক্ষকেরা না এলে ওই দিন ক্লাস হয় না। ক্লাস না হলেও প্রতিবাদ করার উপায় নেই। কারণ, মুখ খুললেই ফেল করে দেওয়ার আশঙ্কাসহ কর্তৃপক্ষের রোষানলে পড়তে হয়।
এ ব্যাপারে এই কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন জানান, শিক্ষকের পদ শূন্য থাকলেও পাঠদানে কোনো সমস্যা হচ্ছে না। খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। কিন্তু যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। ওই সব পদে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজেও শিক্ষক না থাকায় ‘অতিথি শিক্ষক’ও তাঁরা পাচ্ছেন না।