বগুড়ার শহর থেকে গ্রামে জুয়ার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক সমাপনী পরীক্ষায় দেশসেরা হয়েছিল শিবগঞ্জ উপজেলার মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ঘিরে সৃষ্টি হয়েছিল সুন্দর পরিবেশ। কিন্তু এই প্রতিষ্ঠানের আশপাশ এখন জুয়াড়িদের আড্ডায় পরিণত হয়েছে।

স্কুলভবনের ঠিক পেছনেই বসে জমজমাট জুয়ার আসর। সন্ধ্যা হতে না-হতেই উঠতি বয়সের ছেলেরা ভিড় করছে সেখানে। এ নিয়ে এলাকার মানুষ উদ্বিগ্ন। কিন্তু অসহায় সবাই।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক নিজেও তাঁর অসহায়ত্বের কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, সরকারি দলের নেতা হিসেবে বিব্রতবোধ করা ছাড়া তাঁর কিছু করার নেই। প্রশাসনকে অনুরোধ করেও লাভ হয়নি।

শুধু শিবগঞ্জ নয়, বগুড়া শহরের অনেক জায়গাতেই এ অবস্থা। জুয়া ছড়িয়ে পড়ছে গ্রাম-গ্রামান্তরে। এ নিয়ে খুনের ঘটনাও ঘটছে।

সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ এসব বন্ধ না করে উল্টো জুয়াড়িদের পাহারা দেয়, লাভের গুড়ে ভাগ বসায়। আর আদালতের অনুমতিকে ঢাল হিসেবে ব্যবহার করে।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক অবশ্য ভিন্ন কথা বলেছেন। প্রথম আলোকে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বগুড়া শহরে যেসব অপরাধ হচ্ছে, তার নেপথ্যে রয়েছে জুয়া। যারা এসব করছে, তারা উচ্চ আদালত থেকে অনুমতি নিয়েছে। পুলিশ এখন বাধ্য হয়ে জুয়াড়িদের নিরাপত্তা দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার এসব জুয়ার আয়োজক ঢাকার বড় জুয়াড়িরা। এ তৎপরতা শুরু হয় গত রমজান মাসের আগে থেকে। প্রথমে শুরু হয়েছিল মোকামতলায়। এরপর একে একে ছড়িয়ে পড়ছে।

বগুড়া শহরের দত্তবাড়ী আর নামাজগড়ে চলছে জুয়ার আসর। মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ ওরফে হেলাল নামাজগড়ে জুয়া চালাচ্ছেন। তবে এ নিয়ে আদালতে রিট করে অনুমতি এনেছেন মাসুক চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদের বেঞ্চ অনুমতির এ আদেশ দিয়েছেন। আদালতের অনুমতির কাগজ আগেই পুলিশসহ সংশ্লিষ্ট সবার কাছে দেওয়া হয়েছে। সেই থেকে সবাই চুপ হয়ে বসে আছে।

জানতে চাইলে জুয়ার আয়োজক সামছুদ্দিন শেখ প্রথম আলোকে বলেন, আদালতের অনুমতি নিয়ে এটা চালানো হয়েছে। এরপর ২১ আগস্ট থেকে বন্ধ করা হয়েছে। জুয়া থেকে তাঁরা ২৫ লাখ টাকা আয় করেছেন। এ টাকা দিয়ে মোটরশ্রমিকদের জন্য হাসপাতাল করা হবে।

বগুড়া শহরের আরেকটি জুয়ার স্থান হলো দত্তবাড়ি। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের নামে আদালতের আদেশ আনা হলেও যুবলীগের প্রভাবশালী এক নেতা এটা চালাচ্ছেন। জানা গেছে, বগুড়ায় জুয়ার জন্য উচ্চ আদালত থেকে পাঁচটি আদেশ আনা হয়েছে। তবে প্রথম আলোর হাতে দুটি আদেশের অনুলিপি রয়েছে।

স্থানীয় লোকদের অভিযোগ, প্রশাসনের সহায়তায় এসব জুয়ার আসর চলতে থাকায় কেউ কিছু বলতে সাহস পায় না। আর আয়োজকেরা সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় এসব জুয়ার আসর বন্ধ করার কোনো সুযোগও কারও নেই। বরং দিনে দিনে তা বেড়েই যাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জুলাই বগুড়ার সূত্রাপুরে জোড়া খুনের ঘটনা ঘটে। এলাকার লোকদের ধারণা, এর পেছনে জুয়া নিয়ে বিরোধ থাকতে পারে। তবে পুলিশ বলেছে, তারা এখনো এ ব্যাপারে কোনো তথ্য পায়নি।

ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামে দুই মাস ধরে চলছে হাউজির আসর। উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদুল হক এটা চালাচ্ছেন। শিবগঞ্জ থানার মোকামতলা, ভায়ের পুকুর আর জামুর হাটেও হাউজি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আদালত থেকে যে নির্দেশ আনা হয়েছে, তাতে নিপুণ, ওয়ান-টেন, ওয়ান-এইট, চড়চড়ি, ডিসি, হাউজি ও র‌্যাফল ড্রকে বৈধ খেলা হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ এসব খেলায় লাখ লাখ টাকা বাজি হচ্ছে।