বগুড়ার সরকারি দুই বিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, এক আসনে আটজন
বগুড়ার সরকারি দুটি বিদ্যালয়ে গতকাল শুক্রবার থেকে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারই প্রথম অভিভাবকদের ভিড় সামলাতে ও পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা নিশ্চিত করতে আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রথম দিনে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ২৩০টি শূন্য আসনের জন্য ১ হাজার ৭২২ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আজ শনিবার শেষ দিনে বগুড়া জিলা স্কুলে ২৩০ আসনের জন্য ১ হাজার ৯৩৪ জন ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে।
দুই বিদ্যালয়ের শিক্ষক সূত্র জানায়, জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে বয়স কম দেখানোর ‘কারচুপি’ ও তৎপরতা রোধে মেডিকেল বোর্ড গঠনসহ কড়াকড়ি আরোপ করায় দুই বছরের তুলনায় জিলা স্কুলে ২৪ শতাংশ এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১৭ শতাংশ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী কমেছে। এই দুই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ৪৬০টি আসনে এবার তিন হাজার ৬৫৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিটি শূন্য আসনে ভর্তির জন্য গড়ে আটজন লড়ছে। ২০১২ সালে ২৩০ আসনের জন্য চার হাজার ৩০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়। দুটি বিদ্যালয়ে প্রতিবছর শিক্ষাবর্ষের শুরুতে শুধু তৃতীয় শ্রেণিতে ২৩০ জন করে ৪৬০ শিক্ষার্থী ভর্তি করা হয়।
বগুড়া জিলা স্কুলের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয় শ্রেণিতে ২৩০ শূন্য আসনে ভর্তির জন্য আজ শনিবার ১ হাজার ৯৩৪ শিক্ষার্থী অংশ নিচ্ছে। টানা হরতাল-অবরোধের মধ্যেও গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৮৮৮ জন।
জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ‘সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির বয়সসীমা সর্বোচ্চ ১০ বছর। কিন্তু সন্তানকে সরকারি বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য অভিভাবকেরা বয়স কমানোর অভিনব কৌশলের আশ্রয় নেন। বেশি বয়সী সন্তানকে কম বয়সী দেখাতে তাঁরা জন্মনিবন্ধন সনদে বয়স কারচুপি করেন। বয়সের এই কারচুপি ঠেকাতে এখন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এভাবে কড়াকড়ি আরোপ করায় দুই বছর আগের তুলনায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।’