বগুড়ার সেই কৃষক আট দিন পর মুক্ত
বগুড়ার আদালত থেকে দুই দফায় অব্যাহতি পাওয়ার পরও আট দিন কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন নির্দোষ কৃষক আমজাদ হোসেন। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেন। কৃষক আমজাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাতশিরা গ্রামে।
কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা আমজাদের ছেলে সাইদুল ইসলাম বলেন, বগুড়ার ধুনট উপজেলার একটি যৌতুক নিরোধ আইন মামলায় তাঁকে ও তাঁর বাবা আমজাদ হোসেনকে আসামি করা হয়। পরে বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালত তাঁর বাবাকে মামলা থেকে অব্যাহতি দেন। কিন্তু ওই আদালতের পেশকার অন্যায়ভাবে আবারও তাঁর বাবার বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। ১৩ এপ্রিল আমজাদকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ কারাগারে পাঠায় পুলিশ। গত বৃহস্পতিবার বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করা হলে বিচারক আবারও আমজাদ হোসেনকে মুক্তির নির্দেশ দেন।
মুক্তি পাওয়ার পর আমজাদ হোসেন বলেন, ‘বিনা দোষে আমাকে হাজত খাটতে হলো।’
মামলার আইনজীবী আবদুল লতিফ পশারী বলেন, ছুটি থাকায় বগুড়ার কারা কর্তৃপক্ষ তিন দিন পর মুক্তির আদেশটি ডাক বিভাগের মাধ্যমে সিরাজগঞ্জে পাঠায়।
সিরাজগঞ্জ কারাগারের কারারক্ষক হুমায়ূন কবীর বলেন, আদেশটি বেলা তিনটার দিকে পাওয়ার পর বিকেল পাঁচটার দিকে আমজাদ হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।