বগুড়ার সেই জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলা থেকে রক্ষা পেতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জমি ঘুষ দিয়ে আলোচিত বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জামায়াতের সুরা সদস্য ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার চকজোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ২০১৩ সালের ৩ মার্চ চাঁদে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডব-নাশকতা সৃষ্টির মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি জামায়াত নেতা ইয়াছিন আলী। এসব মামলা থেকে বাঁচতে শাজাহানপুর থানার সাবেক ওসি মাহমদুল আলমকে জমি ঘুষ দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। ওসি এই জমি লিখে নিয়েছিলেন দুই ভাই মাহবুবুর রহমান তালুকদার ও শাহিন রেজার নামে। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
এ নিয়ে ওই বছরের ২১ ডিসেম্বর প্রথম আলোয় ‘ছি ছি ওসি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘জামায়াত নেতা ইয়াছিন আলীর বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে আটটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আরও ছয়টি মামলা তদন্তাধীন রয়েছে।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।