বগুড়ার ১০টি কেন্দ্রে সহিংসতা
ভোটকেন্দ্রে ককটেল হামলা ও দখল, পোলিং এজেন্ট ও ভোটারদের ওপর হামলা, নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো বগুড়ার পৌরসভা নির্বাচন। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে।
বগুড়ার ১০১টি ভোটকেন্দ্রে ভোটারসংখ্যা ছিল ২ লাখ ৪৮ হাজার ১৩৬। মেয়র পদে এখানে আওয়ামী লীগের রেজাউল করিম, বিএনপির এ কে এম মাহাবুবর রহমান ও ইসলামী ঐক্যজোটের শামসুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বগুড়া পৌরসভার ১০১টি ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ১০টি ভোটকেন্দ্রে সহিংসতা, ককটেল হামলা ও দখলের ঘটনা ঘটে।
বেলা দেড়টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শহরের মালগ্রাম এলাকায় তাপসী রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায় একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। এ সময় হামলাকারীরা অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা কেন্দ্রের ৮ নম্বর কক্ষে ঢুকে ৩০০ ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারতে থাকে। এ সময় বাধা দিতে গেলে জামায়াত-সমর্থিত কাউন্সিলর প্রার্থী এরশাদুল বারীর দুই সমর্থক মোসাদ্দেক আলী ও মোজাম্মেল হোসেনকে ছুরি মেরে আহত করে হামলাকারীরা। দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে এ সময় পাঁচটি ফাঁকা গুলিবর্ষণ করে। এ ঘটনার পর ভোট গ্রহণ ভন্ডুল হয়ে যায়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর বেলা আড়াইটায় ভোট গ্রহণ শুরু হলে আরেক দফায় চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার পরপরই ওই বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভয়ে ও আতঙ্কে কেন্দ্র ভোটারশূন্য। পুলিশ বিদ্যালয় মাঠ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে তা পানিভর্তি বালতিতে নিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। কেন্দ্রের ৮ নম্বর কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছেঁড়া বেশ কিছু ব্যালট পেপার।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজাহার আলী বলেন, ৪০ থেকে ৫০টি ককটেল ফাটিয়ে হামলাকারীরা কেন্দ্রে প্রবেশ করে। তবে তারা ব্যালট পেপার ছিনতাই করে কোন প্রতীকে সিল মেরেছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। একপর্যায়ে পুলিশ গুলিবর্ষণ করলে তারা কিছু ব্যালট নিয়ে যায় আর কিছু ফেলে রেখে পালিয়ে যায়।
বগুড়ার রিটার্নিং কর্মকর্তা হায়াত-উদ দৌলা খানও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটলে তা প্রিসাইডিং কর্মকর্তারা তাঁকে অবহিত করতেন। সার্বিক বিবেচনায় একটা ভালো নির্বাচন হয়েছে।