বগুড়ার 'নওয়াব প্যালেস' রক্ষার দাবিতে মানববন্ধন

বগুড়ার দেড় শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনা ও কালের সাক্ষী নওয়াব প্যালেস (নওয়াববাড়ি) রক্ষার দাবিতে এবং ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী এই প্রত্নতাত্ত্বিক সম্পদ বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন পেশাজীবীরা। গতকাল রোববার শহরের সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশ থেকে বগুড়ার নওয়াব প্যালেসকে সরকারিভাবে অধিগ্রহণ করে পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়।
‘নওয়াববাড়ি রক্ষা আন্দোলন কমিটি’ এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে স্থানীয় সাংস্কৃতিক ও নাট্যকর্মী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, লেখক, কবি-সাহিত্যিকসহ নানা পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বগুড়ার ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটির আহ্বায়ক আইনজীবী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, আইনজীবী রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রহিম, বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সম্মিলিত নাগরিক জোট বগুড়ার সদস্যসচিব আবদুস সালাম, প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক, বগুড়া ইয়ুথকয়্যারের সভাপতি তৌফিকুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, টাকার কাছে কয়েক শ বছরের পুরোনো ইতিহাস-ঐতিহ্য বিক্রি হতে পারে না। বগুড়াবাসী নওয়াব প্যালেসের মতো এমন ঐতিহ্য ধংসের যেকোনো চক্রান্ত প্রতিহত করবে। ‘নওয়াব প্যালেস’ বগুড়ার অতীত ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী। এটি বগুড়াবাসীর তথা রাষ্ট্রের অমূল্য সম্পত্তি। এটি গোপনে বিক্রি করে দেওয়া হলেও সরকারিভাবে অধিগ্রহণের আইনগত বাধা নেই। তাই ইতিহাসের এই দুর্লভ স্থাপনা সংরক্ষণে সরকারকেই এগিয়ে আসতে হবে।