বগুড়ায় অবরোধে ট্রাকচালক নিহত, পুলিশ বলছে দুর্ঘটনা
বগুড়ায় আলুবোঝাই একটি ট্রাকে অবরোধকারীদের হামলায় চালক ইমাদুর রহমান ওরফে রাজু (৩৫)নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার চণ্ডীহারা এলাকায় ওই হামলা হয়। এতে আহত ট্রাকচালক চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তবে পুলিশ বলছে, অবরোধকারীদের হামলায় নয়; নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ট্রাকচালকের সহকারী হেলাল উদ্দিন মুঠোফোনে জানান, নীলফামারী থেকে আলুবোঝাই ট্রাকটি নিয়ে তাঁরা ঢাকায় যাচ্ছিলেন। রাত তিনটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার চণ্ডীহারা এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে হামলা চালায়। দুর্বৃত্তদের ছোড়া একটি ইটের আঘাতে ট্রাকের সামনের কাচ ভেঙে চালক ইমাদুর রহমানের মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সকালে অবস্থার অবনতি ঘটে।
সেখান থেকে গতকাল সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সন্ধ্যা সাতটার দিকে ইমাদুর রহমান মারা যান। ইমাদুরের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামে।
তবে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘রাত তিনটার দিকে প্রায় দেড় শ গাড়িবহর পুলিশি পাহারায় পার হচ্ছিল। বহরের পেছনের দিকে থাকা আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ট্রাকের ভেতরে আটকা পড়েন চালক। খবর পেয়ে টহল পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই ট্রাকে কোনোভাবেই হামলার ঘটনা ঘটেনি। ক্ষতিপূরণ পাওয়ার আশায় বা অন্য কোনো উদ্দেশ্যে অবরোধকারীদের হামলায় মারা যাওয়ার দাবি করা হয়ে থাকতে পারে।’