বগুড়ায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন অভিযানে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলের কারখানায় অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) কর্মকর্তারা। গতকাল বুধবার পিজিসিএলের ব্যবস্থাপক শৈলজানন্দ বসাকের নেতৃত্বে চার সদস্যের একটি দল শহরের কবি নজরুল ইসলাম সড়কের আকবরিয়া হোটেলের পেছনের কারখানায় অভিযান চালায়।
অনুমোদনের অতিরিক্ত ৩৫০ সিএফএসর দুটি তন্দুর (কনফেকশনারি পণ্য তৈরির চুল্লি), একটি গ্যাস ওভেন ও দুটি চুলা জ্বালানোর প্রমাণ পায় পিজিসিএল। ওই সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কারখানা কর্তৃপক্ষ বাধার মুখে পড়ে। পরে বিষয়টি উল্লেখ করে পরিদর্শক দল বগুড়া আঞ্চলিক বিপণন কার্যালয়ে লিখিত প্রতিবেদন দাখিল করে। সেখানে আকবরিয়া গ্র্যান্ড হোটেলের সংযোগ বিচ্ছিন্নকরণের জন্য অনুরোধ করা হয়।
সংযোগ বিচ্ছিন্নকরণ দলের অন্য সদস্যরা হলেন উপসহকারী প্রকৌশলী মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী নাজমুল হক খান ও বিক্রয় শাখার প্রতিনিধি সহকারী কর্মকর্তা (কারিগরি) মো. গোলাম মোস্তফা।
পিজিসিএলের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্যাস বিপণন আইন ২০১০-এর ১২ (২) ধারা অনুযায়ী অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের অপরাধে গ্রাহকের এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
পিজিসিএলের লিখিত ওই পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আকবরিয়া গ্র্যান্ড হোটেলের (গ্রাহক সংকেত নম্বর-০৫০৩০০০১০) অনুমোদিত লোড ঘণ্টায় ৩ হাজার ৬০৩ ঘনফুট, মাসিক ৩৯ হাজার ১৩৭ ঘনমিটার ও চাপ ৬ পিএসআইজি। প্রতিষ্ঠানটির গ্যাস ব্যবহারের অনুমোদন রয়েছে ২৫ এসসিএফএইচের ১৯টি, ৪৫ এসসিএফএইচের ১০টি, ৭৫ এসসিএফএইচের একটি, ৭৫ এসসিএফএইচের গ্যাস ওভেন একটি এবং ৩৫০ এসসিএফএইচের তন্দুর দুটি। কিন্তু বুধবার পরিদর্শনের সময় অনুমোদনহীন ও অবৈধ আরও ১০০ এসসিএফএইচের পাঁচটি, ৩৫০ এসসিএফএইচের দুটি তন্দুর এবং ১০০ এসসিএফএইচের একটি গ্যাস ওভেন সংযোগের প্রমাণ পাওয়া যায়। আর সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গ্রাহক তাতে বাধা দেন।
পিজিসিএলের বগুড়া বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক গোলাম মোরশেদ বলেন, আকবরিয়া গ্র্যান্ড হোটেলের কারখানায় অবৈধ সংযোগ ব্যবহার কিংবা সংযোগ বিচ্ছিন্নকরণের কথা পরিদর্শক দলের প্রতিবেদনে উল্লেখ রয়েছে কি না, তা না দেখে বলা সম্ভব নয়।
আকবরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসান আলী মুঠোফোনে দাবি করে বলেন, তাঁর কারখানায় অনুমোদনের বাইরে কোনো গ্যাস ব্যবহার করা হয় না। পিজিসিএল সেখানে কোনো অভিযানও পরিচালনা করেনি, কাউকে বাধা দেওয়ার ঘটনাও ঘটেনি।
জানতে চাইলে পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফারুক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে বাধা দেওয়ার বিষয়টি এখনো কেউ তাঁকে জানায়নি।