বগুড়ায় ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ঈদ সামনে রেখে আগাম প্রচারণায় নেমেছেন পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। ঈদ শুভেচ্ছা-সংবলিত তাঁদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে চারদিক। কেউ কেউ স্থানীয় দৈনিকে ছবিসহ বিজ্ঞাপন দিয়েও ভোটারদের ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন। নভেম্বরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানানোর পর তৎপর হয়ে উঠেছেন বগুড়ার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা।
বগুড়া শহর ঘুরে দেখা গেছে, নানা রঙের পোস্টার আর ডিজিটাল বিলবোর্ডে ছেয়ে গেছে চারদিক। এখন পর্যন্ত পোস্টার, ব্যানার ও পত্রিকার মাধ্যমে পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভা বা সিটি করপোরেশনের মেয়র পদের সম্ভাব্য প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম, আকবরিয়া গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবসায়ী হাসান আলী আলাল এবং ১১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার। কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন ২১টি ওয়ার্ড থেকে অন্তত ১০ থেকে ১২ জন।
দলীয় নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল করিম এর আগে পৌরসভার চেয়ারম্যান ছিলেন। গতবারের নির্বাচনে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী এ কে এম মাহবুবুর রহমানের কাছে হেরে যান। আবার প্রার্থী হচ্ছেন তিনি।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে চার থেকে পাঁচজন নেতা বলেন, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পেতে দলের ঊর্ধ্বতন মহলে নানাভাবে তদবির চালাচ্ছেন মমতাজ উদ্দিন। সে হিসেবে সিটি করপোরেশন ঘোষণা করা হলে প্রশাসক ছাড়াও দলের সমর্থনে মেয়র পদে প্রার্থী হবেন তিনি। তবে সিটি করপোরেশন ঘোষণা না হলে মমতাজ উদ্দিন পৌরসভা নির্বাচনে প্রার্থী না-ও হতে পারেন।
মমতাজ উদ্দিন গতকাল বুধবার বলেন, ‘বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণাসহ ১১ দফা উন্নয়ন দাবি বিভিন্ন সময়ে নেত্রীর কাছে তুলে ধরেছি। সিটি করপোরেশন ঘোষণার বিষয়টি নেত্রীর বিবেচনায় রয়েছে। দল চাইলে আমি প্রার্থী হব।’ সিটি করপোরেশন না হলে পৌরসভার নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।’ আর রেজাউল করিম বলেন, ‘পৌরসভার মেয়র ছিলাম। বিপুলসংখ্যক ভোটারের সমর্থন ছাড়াও আমার নেতা-কর্মীরা রয়েছেন।’
এদিকে রঙিন পোস্টার ছাপিয়ে পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হাসান আলী আলাল। শোনা যাচ্ছে, পৌরসভার মেয়র পদে প্রার্থী হবেন তিনি।
ঈদ শুভেচ্ছার আড়ালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা আগাম প্রচারণার মাঠে থাকলেও তেমন কোনো খবর নেই বিএনপির নেতা-কর্মীদের। নিশ্চুপ বগুড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহবুবুর রহমান। তবে কয়েকটি ব্যানার দেখা গেছে ওয়ার্ড কাউন্সিলর ও যুবদলর নেতা সিপার আল বখতিয়ারের। বিএনপির জেলা পর্যায়ের ছয় থেকে সাতজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়ায় বিএনপি থেকে কে মেয়র পদে প্রার্থী হবেন, তা ঠিক করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি পৌর নির্বাচনে অংশ নেবে কি না, সে ব্যাপারে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে কিঞ্চিত প্রচারণার আলোতে থাকা ওয়ার্ড কাউন্সিলর ও যুবদলের নেতা সিপার আল বখতিয়ার বলেন, ‘বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে আমিই সবচেয়ে বেশি মামলা-হামলাসহ নানা নির্যাতনের শিকার হয়েছি। একাধিকবার বিপুল ভোটে বগুড়া পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। নানা দিক বিবেচনায় বগুড়া পৌরসভার আগামী নির্বাচনে দলীয় সমর্থনে মেয়র পদে আমার প্রার্থী হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।’
মেয়র পদের বাইরে সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, ১০ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা আরিফুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা মোস্তাকিম রহমান। ৯ নম্বর ওয়ার্ডের অপর প্রার্থী হলেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি সবচেয়ে বেশিসংখ্যক ডিজিটাল ব্যানার টানিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তা ছাড়া এলাকাবাসীর সুখে-দুঃখে তাঁদের পাশে থেকেছি। তাই এবার জনগণের অনুরোধেই প্রার্থী হয়েছি।’