বগুড়ায় কার্নিশ ভেঙে দুই শিশুর মৃত্যু
বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়ায় গতকাল শুক্রবার দুপুরে বাড়ির কার্নিশ ভেঙে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে রশ্মি (১৩) ও রিক্তা (৪)।
জানা গেছে, সোনালী ব্যাংক শেরপুর রোড শাখার প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলামের বগুড়া শহরের নিউমার্কেটে একটি দোকান আছে। সেই দোকানে কাজ করেন আলম হোসেন নামের এক কর্মচারী। গতকাল রফিকুলের দুই মেয়ে রশ্মি ও রিক্তাকে বগুড়া শহরের অদূরে সাবগ্রাম ইউনিয়নের চকসরতাজ (সুলতানপুর) গ্রামে বেড়াতে নিয়ে যান আলম। সেখানে দুপুরে মই দিয়ে একটি বাড়ির কার্নিশের ওপর ওঠে দুই বোন। একপর্যায়ে কার্নিশ ভেঙে পড়লে দুই বোন এর নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই রশ্মি মারা যায়। গুরুতর আহত রিক্তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সন্ধ্যায় তাদের লাশ বগুড়া শহরের ঠনঠনিয়ায় রফিকুল ইসলামের বাড়িতে নিয়ে আসা হয়। রশ্মি শহরের মিলেনিয়াম স্কলাস্টিকা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, কার্নিশ ভেঙে ঘটনাস্থলেই মারা যায় রশ্মি। গুরুতর আহত রিক্তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।