বগুড়ায় ছাত্রলীগের ককটেলে ওসিসহ পাঁচ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ছাত্রলীগের ককটেল হামলায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমানসহ সাত পুলিশ আহত হয়েছেন।
এঁদের মধ্যে ওসিসহ ছয়জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ওসিসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক জানিয়েছেন।
বগুড়া শহরের সাতমাথা এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে জেলা ছাত্রলীগের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মুখোমুিখ অবস্থানের সময় পুলিশের ওপর পর পর দুটি ককটেল হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে।
ওসি বাদে আহত অন্য ছয় পুলিশ সদস্য হলেন: সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর-এ-আলম সিদ্দিকী, কনস্টেবল শাহজাহান আলী, শাহরিয়ার হোসেন, দেলোয়ার হোসেন, স্বপন আলী ও আশিকুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি আজিজুল হক কলেজ কমিটিসহ চারটি সাংগঠনিক কমিটি বিলুপ্ত এবং সম্মেলন না করেই আজিজুল হক কলেজ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই বগুড়া জেলা ছাত্রলীগে বিরোধ তুঙ্গে। দুটি অংশে বিভক্ত ছাত্রলীগের একাংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল এবং সাধারণ সম্পাদক মাশরাফী হিরো।
অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির সহসভাপতি আবদুস ছাত্তার ও সরকারি আজিজুল কলেজ ছাত্রলীগের নেতা বেনজীর আহমেদ। আল রাজী-মাশরাফীর অংশ ইতিমধ্যেই বেনজীরকে ছাড়াই সরকারি আজিজুল হক কলেজ কমিটি ঘোষণা দিয়েছে। অন্যদিকে বেনজীরকে আহ্বায়ক করে পাল্টা কলেজ কমিটি ঘোষণা দিয়েছে আবদুস ছাত্তারের অংশ।
সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে সংগঠন থেকে বহিষ্কার ও মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্তির জন্য সমাবেশ ও সংবাদ সম্মেলন করে আসছে এই অংশটি।
অন্যদিকে আল রাজী-মাশরাফীর নেতৃত্বাধীন অংশ গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে অন্য অংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে নালিশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দিন ধরেই সন্ধ্যা নামলেই ছাত্রলীগের দুই অংশ জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ‘শক্তির মহড়া’ দিয়ে আসছিল। মঙ্গলবার দুটি অংশই পুলিশের সামনে অস্ত্রের মহড়া দিলেও পুলিশ নির্বিকার ছিল।
পুলিশ জানায়, রাত আটটার দিকে আল রাজী-মাশরাফীর অংশ জেলা কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করছিল। অন্যদিকে আবদুস ছাত্তার-বেনজীরের নেতৃত্বে আরেকটি অংশ সাতমাথা থেকে মিছিল নিয়ে জেলা কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা পুলিশের ওপর ককটেল হামলা চালান।
মাশরাফী হিরো দাবি করেন, তাঁরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেননি। সেখানে শািন্তপূর্ণভাবে অবস্থান করছিলেন। এ সময় ‘ছাত্রলীগ’ নামধারী সন্ত্রাসীরা পুলিশের ওপর ককটেল ছাড়ে৷
বেনজীর আহমেদ দাবি করেন, তিন দিন ধরে পুলিশের সামনেই অস্ত্রের মহড়া দিচ্ছিলেন সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। সুযোগ বুঝে তারা পুলিশের ওপরই ককটেল হামলা চালিয়েছে।
পুলিশ সুপার বলেন, পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করে দ্রুত গ্রেপ্তার করা হবে।