বগুড়ায় তথ্য প্রদানে সবচেয়ে বেশি হয়রানি করে এনজিও
বেসরকারি সংস্থার (এনজিও) কাছ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে বগুড়ার গণমাধ্যমকর্মীরা সবচেয়ে বেশি হয়রানির স্বীকার হয়ে থাকেন বলে গোলটেবিল বৈঠকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিমত দিয়েছেন। এ ছাড়া সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য না করে স্বাধীন, সাংবাদিকতাবান্ধব ও গণমাধ্যমের মতামতের ভিত্তিতে করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম যৌথভাবে গতকাল রোববার বগুড়ায় ‘সম্প্রচার নীতিমালা ও তথ্য জানার অধিকার’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত গোলটেবিলে সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ এইচ এম আখতারুজ্জামান। গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লিমন বাশার ও দৈনিক উত্তরের খবর-এর সম্পাদক আবদুস সালাম।
এতে বক্তারা বলেন, জবাবদিহি নিশ্চিত করতে সম্প্রচার নীতিমালার প্রয়োজন রয়েছে। তবে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য কেউ তা রাজনৈতিক উদ্দেশ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পেশাদার সাংবাদিকেরা তা মানবেন না। সম্প্রচার নীতিমালা হতে হবে স্বাধীন সাংবাদিকতাবান্ধব ও গণমাধ্যমের মতামতের ভিত্তিতে।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ এইচ এম আখতারুজ্জামান বলেন, তথ্যের সহজপ্রাপ্তি ও গণমাধ্যমবান্ধব সম্প্রচার নীতিমালা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে। তবে সম্প্রচার নীতিমালা অবশ্যই হতে হবে গণমাধ্যমে কর্মরতদের মতামতের ভিত্তিতে।
আখতারুজ্জামান বলেন, বগুড়ার গণমাধ্যমকর্মীদের টিএমএসএসের মতো প্রভাবশালী এনজিওর কাছ থেকে তথ্য নিতে গিয়ে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয়। সরকারি-বেসরকারি তহবিল এসব এনজিও কীভাবে খরচ করে সেই তথ্য জানার অধিকার সবার আছে। কিন্তু সেই তথ্য তারা দেয় না। এমনকি দুর্নীতি-অনিয়ম নিয়েও তারা কোনো কথা বলতে চায় না। এ ধরনের আচরণ তথ্য অধিকার আইনের লঙ্ঘন।
গোলটেবিলের আলোচক বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বলেন, তথ্য জানার অধিকার শুধু গণমাধ্যমকর্মীদের একার নয়। সব শ্রেণি-পেশার মানুষেরও। তথ্য অধিকারের মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য দূরকরণ হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বগুড়ার সহকারী পরিচালক জিয়াউর রহমান বলেন, তথ্য প্রদানের জন্য প্রতিটি প্রতিষ্ঠানেরই আলাদা কর্মকর্তা নিয়োগ থাকার কথা। কিন্তু এখনো বেশির ভাগ প্রতিষ্ঠানে তথ্যদাতা কর্মকর্তা নিয়োগ করা হয়নি।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, অবাধ তথ্য প্রদান সব প্রতিষ্ঠানের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করে। তথ্য অধিকার আইনের কোনো ধারার অজুহাত তুলে তথ্য লুকানো একধরনের অনৈতিক কাজ। রাষ্ট্র বা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমন তথ্য ছাড়া বগুড়ার পুলিশ সব সময় অবাধ তথ্য প্রদানে বিশ্বাসী।