বগুড়ায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
বগুড়ায় পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে আকস্মিক গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল)। বন্ধ ছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত। টানা তিন ঘণ্টা গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েন বাসাবাড়ি ও শিল্পকারখানাসহ কয়েক হাজার গ্রাহক।
পিজিসিএল বগুড়া কার্যালয় এবং গ্রাহক ও ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায়ে বগুড়ার প্রভাবশালী একটি প্রতিষ্ঠানের শিল্পকারখানাকে গত বছর অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি তদন্ত শেষে পেট্রোবাংলা ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে। কিন্তু ওই শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের লোড বাড়াতে গতকাল পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক শহরজুড়ে গ্যাসের সরবরাহ বন্ধ রেখে গ্যাস লাইনে কাজ শুরু করে পিজিসিএলের সংশ্লিষ্টরা।
শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ গ্যাসের সরবরাহ বন্ধ করায় আবাসিক এলাকায় চুলা না জ্বলায় চরম ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের। বন্ধ হয়ে পড়ে গ্যাসনির্ভর হোটেল-রেস্তোরাঁর রান্নার কাজ। উৎপাদন বন্ধ হয়ে পড়ে শিল্পকারখানাগুলোতে। বিপুল পরিমাণ দুধ নিয়ে বিপাকে পড়েন দই কারখানার মালিকেরা।
শহরের সেউজগাড়ি এলাকার গৃহিণী শাহানা রহমান বলেন, চুলায় গ্যাস না পেয়ে তিনি পিজিসিএলের বগুড়া কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, লাইন মেরামতের কাজ চলছে।
একই এলাকার গ্রাহক ফজলুর রহমান বলেন, গ্যাস-বিদ্যুতের সরবরাহ বন্ধ রাখার প্রয়োজন হলে সাধারণত সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই মাইকিং কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের তা জানিয়ে দেওয়া হয়। এতে গ্রাহকেরা
সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু পিজিসিএল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ দুপুরের পর থেকে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে পিজিসিএলের কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, বিতর্কিত একটি শিল্পপ্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাসের লোড বৃদ্ধি করতেই পিজিসিএল এভাবে আকস্মিক গ্যাসের সরবরাহ বন্ধ রেখে কাজ শুরু করে। রাত ১১টা পর্যন্ত গ্যাসের সরবরাহ বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত হলেও গ্রাহকদের ক্ষোভ ও প্রতিবাদের মুখে সন্ধ্যায় গ্যাসের সরবরাহ চালু করা হয়।
জানতে চাইলে পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এম ফারুক প্রথম আলোকে বলেন, কোনো শিল্পকারখানায় লোড বৃদ্ধির জন্য নয়, লাইন মেরামতকাজের জন্যই গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে গ্যাসের সরবরাহ বন্ধ রাখার বিষয়টি আগে থেকে গ্রাহকদের না জানানোটা ভুল হয়েছে।