বগুড়ায় দুটি নাটকের উদ্বোধনী প্রদর্শনী
বগুড়ায় গত শুক্রবার দুটি নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। বগুড়া থিয়েটার ওই দিন রাতে তাদের ৬৩তম নাটক দ্রোহ আনুষ্ঠানিকভাবে মঞ্চস্থ করেছে। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন মঞ্চে রাত আটটার দিকে শুরু হওয়া দ্রোহ নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুল মান্নান ও নাট্যব্যক্তিত্ব গোলাম কাদের।
যমুনা নদীপাড়ের চরের মানুষের সুখ-দুঃখ, কষ্ট-বেদনা এবং বেঁচে থাকার অদম্য সংগ্রামকে উপজীব্য করে মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িকতার চেতনার পটভূমিতে রচিত দ্রোহ নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন বগুড়া থিয়েটারের কর্ণধার তৌফিক হাসান।
এদিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ওই দিন রাতে মঞ্চস্থ হলো প্রাকৃতজনের ১৫তম প্রযোজনা শৌখিন যাত্রা দলের রূপবানপালা। নজরুল ইসলামের রচনায় এবং সেলিম রেজার প্রয়োগ ভাবনায় পালার উদ্বোধনী প্রদর্শনীতে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও রেডিও টুডে।
শিল্পকলা সম্মাননা: শুক্রবার বগুড়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থানীয় পাঁচ গুণী শিল্পী-সাহিত্যিককে ‘শিল্পকলা সম্মাননা’ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস প্রমুখ৷