বগুড়ায় পিটিয়ে ও ছুরিকাঘাতে দুজনকে হত্যা
বগুড়া শহরের সেউজগাড়ি ও নারুলী এলাকায় গত রোববার দুজন খুন হয়েছেন৷ সেউজগাড়ি এলাকায় আবদুল মজিদ (৩৭) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে ও নারুলী কৃষিফার্ম এলাকায় সাজ্জাদ হোসেন (৪২) নামে ওষুধ কোম্পািনর এক বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে৷
মজিদের বাড়ি শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামে৷ সাজ্জাদ হোসেন সোনাতলা উপজেলার চারালকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয় কয়েকজন ও সদর থানার পুলিশ জানায়, সাজ্জাদ শহরের কইপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রোববার রাতে ঢাকা থেকে আসা এক আত্মীয়কে আনতে তিনি শহরের সাতমাথায় যান। রাত সাড়ে তিনটার দিকে ওই আত্মীয়কে নিয়ে তিনি রিকশাযোগে বাসায় ফিরছিলেন৷ পথে কৃষিফার্মের সামনে তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সাজ্জাদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়ার পর তাঁকে ছুরিকাঘাত করে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাজ্জাদ মারা যান।
মজিদের পরিবারের বরাত দিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা জানান, আবদুল মজিদকে রোববার দুপুরে সেউজগাড়ি আমতলায় ডেকে নেয় কয়েকজন দুর্বৃত্ত৷ তারা মজিদকে জিম্মি করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে দুর্বৃত্তরা রড দিয়ে তাঁকে বেদম পিটুনি দেয়। বিকেল সাড়ে চারটার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মজিদকে আহত অবস্থায় উদ্ধার ও দুজনকে আটক করে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১০টার দিকে মজিদ মারা যান।
নওগাঁয় গৃহবধূ খুন: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাই উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে রেহেনা বেগম (৫০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত রোববার উপজেলার বিপ্র-বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রেহানা ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। নজরুলের সঙ্গে প্রতিবেশী আকরামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকটি মামলাও রয়েছে। গত শনিবার রাতে আকরাম বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পেড়ে নিয়ে যান। এ নিয়ে রোববার সকালে রেহেনা ও আকরামের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আকরাম হাঁসুয়া ও লাঠি দিয়ে রেহানার মাথায় আঘাত করেন। এ সময় জান্নাতুন মা রেহানাকে উদ্ধার করতে গেলে তাকেও হাঁসুয়া দিয়ে আঘাত করেন আকরাম। পরে স্থানীয় কয়েকজন মা ও মেয়েকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রেহেনার অবস্থার অবনতি হলে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আকরাম পলাতক রয়েছেন। তাঁর মুঠোফোনে ফোন করার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।