বগুড়ায় পুলিশের বিশেষ অভিযান শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়ায় আজ মঙ্গলবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ অভিযানে নামছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী শারদীয় দুর্গোৎসবে জেলার ৫৯২টি পূজামণ্ডপের মধ্যে ৩৩৮টি অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। এ ছাড়া পবিত্র ঈদুল আজহায় ছিনতাই ও জাল টাকা ছড়ানোর আশঙ্কা থাকে। তাই অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী দমনে এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দুর্গাপূজা এলেই চাঁদাবাজি ও মন্দিরকেন্দ্রিক নানা ধরনের হাঙ্গামা বেড়ে যায়। এ ধরনের হাঙ্গামা ঠেকাতে অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে।
পুলিশ সুপার আরও জানান, দুর্গাপূজার ৫৯২টি মণ্ডপের নিরাপত্তায় ৮০০ পুলিশ সদস্য ছাড়াও প্রায় তিন হাজার ৪০০ আনসার সদস্য মোতায়েন থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে পূজামণ্ডপ এলাকার আশপাশে প্রস্তুত থাকবে র্যাবের টহল দল। এ ছাড়া ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পশুর হাটগুলো ঘিরে থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা। মলম পার্টি, পকেটমার, ছিনতাইকারীকে ধরতে কোরবানির পশুর হাটে ক্রেতাদের সঙ্গে মিশে থাকবে সাদাপোশাকের পুলিশ। জাল টাকা ছড়ানো ঠেকাতে নকল টাকা শনাক্তকরণ যন্ত্রসহ থাকবে পুলিশের বিশেষ ব্যবস্থা।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ৫৯২ পূজামণ্ডপের মধ্যে ১৪৯টি অধিক ঝুঁকিপূর্ণ, ১৮৯টি ঝুঁকিপূর্ণ এবং ২৫৪টিকে সাধারণ চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত হয়েছে রাজনৈতিক সহিংসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত বগুড়া সদর, শেরপুর ও শাজাহানপুর উপজেলায়।