বগুড়ায় ফের মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা–কর্মীরা গতকাল ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় বগুড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবিটি দুপুরে শহরের বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকা থেকে তোলা l প্রথম আলো
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা–কর্মীরা গতকাল ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় বগুড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবিটি দুপুরে শহরের বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকা থেকে তোলা l প্রথম আলো

বগুড়ার বাস ও ট্রাকশ্রমিকেরা ফের ঢাকা-রংপুর মহাসড়ক সোয়া দুই ঘণ্টা অবরোধ করেন। গতকাল রোববারের এ অবরোধে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বগুড়া শহরের দুই পাশে মহাসড়কে আটকা পড়ে কয়েক শ যানবাহন।
বাসচালকের লাইসেন্স (অনুমতিপত্র) নষ্ট করার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহার এবং ৫০০ টাকা ঘুষ না পেয়ে ট্রাকশ্রমিককে নির্যাতনকারী রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা এ অবরোধ করেন।
বেলা দুইটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত বগুড়া মোটরশ্রমিক ইউনিয়ন ও আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়ন যৌথভাবে শহরের চারমাথা, মাটিডালি, বনানী মোড়সহ কয়েকটি এলাকায় অবরোধ সৃষ্টি করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে গিয়ে এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।
বগুড়া মোটরশ্রমিক ইউনিয়ন ও আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের চার-পাঁচজন নেতার ভাষ্যমতে, ১৮ নভেম্বর বগুড়ার মোকামতলায় ফিটনেসবিহীন (চলাচলের অযোগ্য) যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছিল। তখন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও রবিউল ইসলাম কাগজপত্র যাচাইকালে একজন বাসচালকের লাইসেন্স নষ্ট করেন। অন্যদিকে গত ১০ নভেম্বর রাতে রাজধানীর গোলাপশাহ মাজার এলাকায় ৫০০ টাকা ঘুষ না পেয়ে ট্রাকচালক রাসেল মিয়ার ওপর চরম নির্যাতন চালান পল্টন থানার এসআই জাহিদ।
ওই দুই ঘটনার জের ধরে বগুড়ার শ্রমিকেরা ২০ নভেম্বর বগুড়ায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। এ অবরোধ থেকে ওই ইউএনও ও এসআইকে শ্রমিক নির্যাতনকারী সরকারি কর্মকর্তা অভিহিত করে তাঁদের স্ব স্ব পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় গতকাল বগুড়ার মোটরশ্রমিক ইউনিয়ন ও ট্রাকশ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা যৌথভাবে মহাসড়ক অবরোধ করেন।
বেলা তিনটার দিকে গোকুল এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কের উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে আছে। ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরের বনানী থেকে শেরপুর পর্যন্ত এবং মাটিডালি থেকে মহাস্থান পর্যন্ত দুই পাশে যানবাহনের দীর্ঘ জট।
বগুড়া আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান অভিযোগ করেন, ‘১০ নভেম্বর বগুড়া থেকে পণ্যবাহী ট্রাক চালিয়ে রাজধানীর সায়েদাবাদ যাচ্ছিলেন চালক রাসেল মিয়া। রাত তিনটার দিকে গোলাপশাহ মাজারের কাছে পল্টন থানার এসআই জাহিদ কাগজপত্র তল্লাশির নামে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। টাকা না পেয়ে তিনি চালক রাসেলকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। মারপিটে ওই শ্রমিকের চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।’
বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল অভিযোগ করেন, শ্রমিক নির্যাতনকারী শিবগঞ্জের ইউএনওকে প্রত্যাহার এবং পল্টন থানার এসআই জাহিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২০ নভেম্বর বগুড়ায় অবরোধ করা হয়। ওই সময় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে দাবি পূরণ না হওয়ায় গতকাল আবার মহাসড়ক অবরোধ করা হয়। জেলা প্রশাসকসহ পুলিশের কর্মকর্তা এসে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। বেলা সোয়া চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, শ্রমিকেরা এক সপ্তাহ আগে তাঁদের দাবির কথা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু এসব দাবিদাওয়া নিয়ে বৈঠক বা আলোচনার উদ্যোগ না নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, শ্রমিকদের সঙ্গে সন্তোষজনক আলোচনার পর তাঁরা অবরোধ তুলে নিয়েছেন। আলোচনা সাপেক্ষে বিষয়টির সন্তোষজনক সমাধান করা হবে।