বগুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের সেরা ১৪টি ফুটবল দল নিয়ে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসর। বিকেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক, জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক শুভাশীষ পোদ্দার প্রমুখ। মাসব্যাপী এই টুর্নামেন্টে বগুড়া একাদশ ছাড়াও জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পাবনা জেলা একাদশ এবং সৈয়দপুর ক্লাব ও বগুড়ার একটি ক্লাব অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রথম খেলায় বগুড়ার সবুজ সংঘ একাদশ ১-০ গোলে দিনাজপুর জেলা একাদশকে হারায়।
আদিবাসী টুর্নামেন্টে জয়পুরহাট চ্যাম্পিয়ন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বার্ষিক আদিবাসী ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট জেলা আদিবাসী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল চূড়ান্ত (ফাইনাল) খেলায় দলটি ১-০ গোলে নাটোর আদিবাসী একাদশকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রয়াত সাংসদ ইসহাক হোসেন তালুকদারের ছোট ছেলে ইমরুল হাসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেযারম্যান আবুল খায়ের ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার আদিবাসী নেতা সুনীল কুমার মাহাতো প্রমুখ।