বগুড়ায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন।
মামলা দায়েরের পরপরই বগুড়া জেলা যুবদলের সভাপতি ও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ারসহ ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া সিপার আল বখতিয়ারকে আটকের পর শহরের চেলোপাড়ায় বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনায় চালক রানা মিয়া বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে সদর থানায় আরেকটি মামলা করেছেন।
বগুড়া সদর থানা পুলিশের সূত্র জানায়, শহর আওয়ামী লীগ নেতার করা মামলায় বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা বিএনপির নেতা হামিদুল হক চৌধুরী, তাহাউদ্দিন নাহিন, মাহবুবর রহমান, জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শাহাবুল আলম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসানসহ উল্লেখযোগ্য সংখ্যক শীর্ষস্থানীয় নেতাকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, সিপার আল বখতিয়ারসহ আটক ১১ জনকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।