বগুড়ায় যুবলীগের নেতা হত্যার ঘটনায় মামলা
বগুড়া শহরে যুবলীগের নেতা গোলাম হাফিজকে হত্যার ঘটনায় ৩৬ জনকে আসামি করে শাজাহানপুর থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গোলাম হাফিজের স্ত্রী হাসিনা হাফিজ ২৪ জনের নাম উল্লেখ করে ওই মামলা করেন।
মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই ভাই সোহেল রানা ও মাহমুদুল হাসান, আসফিয়া বেগম এবং মো. সাগর নামের চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে সাগর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, বাদী মামলায় উল্লেখ করেছেন, স্থানীয় যুবক হাউজিংয়ের সাবেক কর্মকর্তা শাহানারা বেগমের নির্দেশে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নির্বাচনসংক্রান্ত বিরোধের জের ধরে রাজনৈতিক উদ্দেশ্যে গোলাম হাফিজের শ্বশুরবাড়িতে হামলা চালান আসামিরা। একপর্যায়ে তাঁরা গোলাম হাফিজকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেন।
তিন শ্যালকের চাঁদাবাজির জের ধরে গত বৃহস্পতিবার বগুড়া শহরের চক লোকমান এলাকায় হাফিজের শ্বশুরবাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সেখানে গেলে তাঁকে হত্যা করা হয়।