বগুড়ায় শেয়ার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বগুড়া শহরের বড়গোলা-টিনপট্টি এলাকার বাসিন্দা শেয়ার ব্যবসায়ী আতিকুর রহমানের (৩২) লাশ গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে৷ পুলিশ বলেছে, ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে আতিকুরের লাশ শহরতিলর শিকারপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন রাস্তায় দেখতে পান এলাকাবাসী৷ পরে তাঁরা পুলিশে খবর দেন৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আতিকুরকে রামদা, দা বা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ওই স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর-এ আলম সিদ্দিকী জানান, যেখান থেকে আতিকুরের লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে তাঁর কিছু জমিজমা রয়েছে। তাই জমিজমাসংক্রান্ত বিরোধে তিনি খুন হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শেয়ার ব্যবসায় বিনিয়োগ নিয়ে কারও সঙ্গে আর্থিক লেনদেনের কোনো ঝামেলা ছিল কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।