বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
বগুড়া সদর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে রিয়াজ উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম ছাইফুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
খালাস পাওয়া আসামিরা হলেন আবদুর রাজ্জাক, ফুল মামুদ ফকির, আমজাদ আলী, ফরিদ উদ্দিন প্রামাণিক ও আফজাল হোসেন।
ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি বাদীপক্ষের আইনজীবী তোফাজ্জল হোসেন জানান, ১৯৯৭ সালের ১৯ এপ্রিল সকাল সাতটার দিকে সদর উপজেলার নামুজা শাহাপাড়ায় গৃহবধূ পিয়ারা বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় পিয়ারার স্বামী রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন পিয়ারা বেগমের ভাই নামুজা বগারপাড়া গ্রামের মমতাজ উদ্দিন ফকির। মামলায় ওই পাঁচজনকেও আসামি করা হয়। পরে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
আসামিপক্ষের আইনজীবী ফজলার রহমান জানান, রায়ের বিরুদ্ধে বিবাদীপক্ষ আপিল করবে।