বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের গোলাগুলি নেতা গুলিবিদ্ধ
বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে শহরের রহমাননগর এলাকার ঘটনায় জাহিদুল কবির ওরফে উজ্জ্বল নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিজেকে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের ১০ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক দাবি করেছেন।
তবে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দাবি করেন, ‘স্বেচ্ছাসেবক লীগে ওই নামে কোনো নেতা নেই এবং নিজেদের মধ্যে কোনো গুলিবিনিময়ের ঘটনাও ঘটেনি।’
পুলিশ জানায়, শহরের রহমাননগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরে গত বছর রহমাননগর এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে খুন হন শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম। এর পর থেকেই খায়রুল আনামের সমর্থক এবং আরেক নেতা আরিফ হোসেনের সমর্থকেরা মুখোমুিখ অবস্থানে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে।