বগুড়ায় হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী নাসির উদ্দিন খাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম মমতাজ পারভীন এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন খাঁ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঠপাড়া গ্রামের মফছের আলী সরকারের ছেলে। আর খালাস পাওয়া ব্যক্তিরা হলেন নাসিরউদ্দিন খাঁর আগের স্ত্রী সালমা বেগম, ভাই মছির খাঁ ও সামাদ খাঁ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি আশিকুর রহমান বলেন, ১৯৯৭ সালে নাসিরউদ্দিন খাঁ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী মমতাজ শিরিকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেন। পরদিন শিবগঞ্জ থানায় মমতাজ শিরির বাবা মফছের আলী সরকার বাদী হয়ে নাসিরউদ্দিন খাঁসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।