বগুড়ায় হবে সফটওয়্যার টেকনোলজি পার্ক
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেছেন, ২০২১ সালের মধ্যে বগুড়ায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হবে। এ জন্য বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হবে। কারণ ‘তরুণেরা গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’।
জুনাইদ আহ্মেদ বলেন, গাজীপুরের কালিয়াকৈরে ৩৫০ একর জায়গার ওপর নির্মিত হাইটেক পার্কে আগামী ১০ বছরে এক লাখ শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যে সাড়ে তিন হাজার কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। আরও দুই হাজার কম্পিউটার ও ভাষাশিক্ষার ল্যাব স্থাপনের কাজ চলছে। তিনি বলেন, বগুড়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন হবে। শিক্ষার্থীদের আনন্দময় পাঠদান নিশ্চিত করতে বগুড়ায় ৩৫০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। আরও ৫০০ মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিমন্ত্রী গতকাল শনিবার বগুড়া জিলা স্কুল মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে বগুড়ায় উগ্র মৌলবাদী শক্তির উত্থান এবং রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতা ও নাশকতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বগুড়া পুণ্ড্রের রাজধানী। নানা দিক থেকে এই জেলা গৌরব ও গুরুত্ব বহন করে। এখানে জঙ্গিবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই। বগুড়ার ফ্রিল্যান্সাররা এখন ঘরে বসে ইউরোপ-আমেরিকার নামীদামি প্রতিষ্ঠানে কাজ করে হাজার হাজার ডলার আয় করছেন। প্রযুক্তি দিয়ে জঙ্গিবাদ রুখতে ২০২১ সালের মধ্যে বগুড়াকে তথ্যপ্রযুক্তিনির্ভর সেরা জেলায় রূপান্তর করা হবে।’
বগুড়াকে নিরাপদ জেলা গড়তে শহর ও শহরতলিসহ ১২ উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসি টিভি স্থাপন করা হবে।
মুঠোফোন খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির আমলে একটা মুঠোফোন কিনতে এক লাখ টাকা লাগত। এক মিনিট কথা বলতে ১০ টাকা গুনতে হতো। বিদেশে একটা ফোন করতে তিন দিন ভোগান্তি পোহাতে হতো। শেখ হাসিনা সরকার এক হাজার টাকায় গ্রাহকের হাতে মুঠোফোন তুলে দিয়েছে। এক মিনিট কথা বলতে খরচ হয় এখন ২৫ থেকে ৬৭ পয়সা। এখন মুঠোফোনের গ্রাহকসংখ্যা ১৩ কোটি।
মানুষের হাতে হাতে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার সাফল্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়ার অদূরদর্শিতার কারণে তথ্যপ্রযুক্তিতে ২০ বছর পিছিয়েছে দেশ। ’৯২ সালে বিনা পয়সায় সাবমেরিন কেব্ল পেতে যাচ্ছিলাম আমরা। দেশের তথ্য পাচার হয়ে যাবে— এমন অজুহাতে খালেদা জিয়া বিনা পয়সার সাবমেরিন কেব্ল নেননি। অথচ ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন তখনই সাবমেরিনে যুক্ত হয়েছিল।’
বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা ও জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বক্তব্য দেন।
এর আগে প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় প্রায় ৬০টি স্টল স্থান পেয়েছে।