বগুড়ায় হারলেও ভোট বেড়েছে বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার তিনটি পৌরসভায় বিএনপির বর্তমান মেয়ররা পরাজিত হলেও জেলার নয়টি পৌরসভায় আওয়ামী লীগের চেয়ে ভোট বেড়েছে বিএনপির। ২০১১ সালের পৌরসভা নির্বাচনে নয়টি পৌরসভায় বিএনপির প্রার্থীরা ১ লাখ ৩৬ হাজার ভোট পেলেও এবার দলের প্রার্থীরা ভোট পেয়েছেন প্রায় ১ লাখ ৫২ হাজার।
পাঁচ বছর আগে এই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা নয়টি পৌরসভায় ভোট পেয়েছিলেন প্রায় ৮৭ হাজার। এবার নৌকা প্রতীকে দলের প্রার্থীরা ভোট পেয়েছেন ৮৮ হাজার ৫৩২। পাঁচ বছরে আওয়ামী লীগের ভোট বেড়েছে মাত্র দেড় হাজার। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘নির্বাচনে কোন দল বেশি ভোট পেয়েছে, সেটা বড় কথা নয়; বড় কথা হলো আওয়ামী লীগ নয়টি পৌরসভার মধ্যে পাঁচটিতেই মেয়র পদে জয়লাভ করেছে।
আর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ডিজিটাল ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ ধানের শীষের প্রার্থীদের হারিয়ে দিয়েছেন। তারপরও সার্বিক ভোটের হিসাব-নিকাশে জনপ্রিয়তায় বিএনপি এগিয়ে আছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের পৌরসভা নির্বাচনে বগুড়া পৌরসভায় বিএনপির প্রার্থী ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহাবুবর রহমান। ওই নির্বাচনে তিনি ৯৬ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এবার তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৪০টি ভোট, যা গতবারের চেয়ে প্রায় ১১ হাজার বেশি। আর আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম গতবার পেয়েছিলেন ৫৯ হাজার ৩৫৫ ভোট। এবার তিনি পেয়েছেন ৪৯ হাজার ৪১৭টি ভোট।
গাবতলী পৌরসভায় বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ১৭১টি ভোট। আর আওয়ামী লীগের মোমিনুর হক ওরফে শিলু ২ হাজার ৪৩টি ভোট পেয়েছেন। সান্তাহার পৌরসভায় বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৮৬৭টি ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, নৌকা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ১৬৯টি ভোট।
সারিয়াকান্দিতে বিএনপি প্রার্থী টিপু সুলতান পেয়েছেন ২ হাজার ৪৪৭টি ভোট। আওয়ামী লীগের প্রার্থী আলমগীর শাহী ওরফে সুমন পেয়েছেন ৫ হাজার ৭৭৬টি ভোট। ধুনটে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এ জি এম বাদশাহ পেয়েছেন চার হাজার ভোট। বিএনপির আলিমুদ্দিন হারুন পেয়েছেন ২ হাজার ৪৬৪টি ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী শরিফুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৫০৫টি ভোট।
শেরপুর পৌরসভায় বিএনপির স্বাধীন কুমার কুণ্ড পেয়েছেন ৬ হাজার ১৬৫টি ভোট। অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার পেয়েছেন ৮ হাজার ৯১১টি ভোট। এখানে আওয়ামী লীগের ভোট কিছুটা বেড়েছে।
নন্দীগ্রামে বিএনপির সুশান্ত কুমার শান্ত ও ‘বিদ্রোহী’ প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী দুজন মিলে ভোট পেয়েছেন ৮ হাজার ৭৯৯টি। এর মধ্যে কামরুল হাসান সিদ্দিকী ৪ হাজার ৪৪৩টি ভোট পেয়ে মেয়র হয়েছেন। আওয়ামী লীগের রফিকুল ইসলাম ৬৯০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
কাহালুতে আওয়ামী লীগের প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ এবার ৪ হাজার ৭৫৯টি ভোট পেয়ে আবার মেয়র হয়েছেন। আর বিএনপির প্রার্থী আবদুল মান্নান পেয়েছেন ৩ হাজার ৪৬৭টি ভোট।
শিবগঞ্জে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান পেয়েছেন ৭ হাজার ২৬২টি ভোট। অন্যদিকে, বিএনপির মতিয়ার রহমান পেয়েছেন ৬ হাজার ৫৪টি ভোট।