বগুড়ায় ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বগুড়ায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে দুটি বন্যানিয়ন্ত্রণ বাঁধ। এদিকে ৩ উপজেলার ৮২টি বিদ্যালয়ে পানি ওঠায় কয়েক হাজার শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। সারিয়াকান্দির কয়েকটি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ চুইয়ে ভেতরে পানি ঢুকছে। এতে এসব এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। অনেকে বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় যমুনার পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
সরকারি হিসাবে, সোমবার পর্যন্ত জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৪টি ইউনিয়নের ১৯৫টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ২৬ হাজার পরিবারের সোয়া লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, পানি বাড়ার গতি কিছুটা কমেছে, পানি নতুন করে না বাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।
সারিয়াকান্দির বিভিন্ন ইউপির চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোহাইল, কর্নিবাড়ি, চালুয়াবাড়ি, কাজলা ও হাটশেরপুর ইউনিয়নের প্রায় ৭০টি চর এবং চন্দনবাইশা, কামালপুর, কুতুবপুর ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে যমুনার তীরবর্তী ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত লোকজন বাড়িঘর ছেড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এ উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইর চর ও বহুলাডাঙ্গা চরে নদীভাঙনে অর্ধশত পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।
জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এর মধ্যে ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা রয়েছে। সারিয়াকান্দি উপজেলার ৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম।
সারিয়াকান্দির কুতুবপুর, দিঘলকান্দি, চন্দনবাইশা এবং ধুনটের পুকুরিয়া ভান্ডার বাড়ি, বড়ইতলি, বানিয়াজান, শিমুলবাড়ি ও আটাচর এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের নিচ দিয়ে পানি চুইয়ে ঢুকছে। পাউবো এসব স্থানে বালুর বস্তা ফেলে ও পাইলিং করে মেরামত করছে। তবে এরপরও বাঁধ–সংলগ্ন এলাকাগুলোর মানুষের মধ্যে আতঙ্ক বেড়েই চলছে। গতকাল মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দিতে বাঁধ পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পাউবোর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, ধুনটের ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ ইতিমধ্যে মেরামত করেছে সংশ্লিষ্টরা।