বগুড়া, গোমস্তাপুর ও লোহাগড়ায় বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর
নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং বন্ধের দাবিতে গত দুই দিনে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নড়াইলের লোহাগড়ায় স্থানীয় লোকজন বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: একদল ছাত্র মঙ্গলবার রাত ১০টার পরে পুরান বগুড়া পাওয়ার হাউসের সামনে গাড়ির চাকার টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। পরে তাদের সঙ্গে এলাকার লোকজন যোগ দেয়। তারা পাওয়ার হাউসে ঢুকে সাইনবোর্ড ও ভবনের কাচ ভাঙচুর করে। প্রায় দুই ঘণ্টা পর সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ ও পুলিশ বিক্ষোভকারীদের কথা পরিস্থিতি শান্ত করেন।চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর ও পাশের নাচোল উপজেলার পাঁচ শতাধিক কৃষক বুধবার সকালে গোমস্তাপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়েছে। এ সময় তারা দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করে। পরে ইউএনও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লোহাগড়া (নড়াইল): বিক্ষুব্ধ জনতা গতকাল বুধবার উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা ওই কার্যালয়ের সামনের লোহাগড়া-নড়াইল সড়ক অবরোধ করে রাখে। উপজেলা চেয়ারম্যান আবদুল হান্নান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।