বগুড়া, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ব্যাপক লোডশেডিং
গ্রীষ্মের আগেই দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই লোডশেডিং বেড়ে গেছে। বগুড়া শহর ও এর আশপাশের কয়েকটি এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুতের চাহিদা ছিল ১২০ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ সরবরাহ হয়েছে ৪৯ মেগাওয়াট।অন্যদিকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের চাহিদা অফ পিক আওয়ারে ৬০-৬৫ মেগাওয়াট এবং পিক আওয়ারে প্রায় ১২০ মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে দুই সপ্তাহের বেশি সময় ধরে জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে অফ পিকে ২৭-২৮ মেগাওয়াট এবং পিক আওয়ারে ৫২-৫৮ মেগাওয়াট।এদিকে, হঠাৎ করে লোডশেডিং বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে বোরোর সেচ কার্যক্রম। লোডশেডিংয়ের যন্ত্রণা চরম দুর্ভোগ বাড়িয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বগুড়ার তত্ত্বাবধায়ক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী ছমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ ধরেই বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে। কিন্তু হঠাৎ করেই গতকাল বৃহস্পতিবার সরবরাহ চাহিদার অর্ধেকে নেমে আসে।’ তিনি বলেন, সেচকাজের জন্য গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় শহরে লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।বিউবো কার্যালয় সূত্র জানায়, বগুড়া শহরের পুরান বগুড়া, শিববাটি ও রহমান নগরের উপকেন্দ্রের (৩৩/১১ কিলোভোল্ট) মাধ্যমে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এ উপকেন্দ্রে ৬০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ১৬ মেগাওয়াট। অন্যদিকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ডিসেম্বর ও জানুয়ারি মাসে চাহিদা অনুপাতে বিদ্যুতের সরবরাহ কাছাকাছি থাকলেও ফেব্রুয়ারি মাসের শুরু থেকে তা কমতে থাকে। বর্তমানে জাতীয় গ্রিড থেকে চাহিদার অর্ধেক বিদ্যুৎও পাচ্ছে না দুই জেলার বাসিন্দারা। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন ভোগান্তি। ঢাকার কেন্দ্রীয় লোড ডেসপাস সেন্টার (এলডিসি) দিনে একাধিকবার পুরো গ্রিড লাইনই বন্ধ করে দিচ্ছে বলে স্থানীয় বিদ্যুতের কর্মকর্তারা জানান।নোয়াখালী বিদ্যুতের কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিড থেকে পাওয়া বিদ্যুতের ২৫ ভাগ নোয়াখালী পিডিবি, ৩৬ ভাগ নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, ২৯ ভাগ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং ১০ ভাগ পিডিবিকে দেওয়া হয়। এর ফলে দুই জেলায় দিনরাত সব সময়ই লোডশেডিং করতে হচ্ছে।নোয়াখালী শহরের টাউন হল মোড়ের ব্যবসায়ী কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘পেপার-পত্রিকায় দেখি, কেবল বিদ্যুতের উৎপাদন বাড়ছে। দিন যত গড়াচ্ছে, লোডশেডিংও তত বাড়ছে।’ নোয়াখালী পিডিবির গ্রাহকসংখ্যা প্রায় ৫৩ হাজার। আর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা দুই লাখ ১১ হাজার। এর মধ্যে এক হাজার ৪২১ জনই সেচগ্রাহক। এই গ্রাহকদের বেশির ভাগই সেনবাগ উপজেলার। সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলা হলেও সেনবাগে লোডশেডিং-পরিস্থিতির কোনো উন্নতি নেই। লক্ষ্মীপুর জেলায় পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় ৫০ হাজার। সেখানেও বিদ্যুৎ পরিস্থিতি শোচনীয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেচের কারণে উত্তরাঞ্চলে বেশি বিদ্যুৎ সরবরাহ দিতে হচ্ছে। তাই জাতীয় গ্রিড থেকে এদিকে (নোয়াখালী, লক্ষ্মীপুর) বিদ্যুতের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এ কারণে লোডশেডিং বেড়েছে। আমরা উচ্চপর্যায়ে যোগাযোগ করে পরিস্থিতি উন্নতির চেষ্টা করছি।’নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সবুজ কান্তি আচার্য প্রথম আলোকে বলেন, ‘লোডশেডিং নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে আছি।’