বগুড়া, ফরিদপুরে পরিবহন শ্রমিকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় পরিবহনশ্রমিক ও নৌপরিবহনমন্ত্রী সম্পর্কে পরিবেশিত খবর মিথ্যা উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন বগুড়া ও ফরিদপুরের পরিবহনশ্রমিক নেতারা।বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন ও ফরিদপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গতকাল বৃহস্পতিবার পৃথক স্মারকলিপিতে এ প্রতিবাদ জানায়।ঈদুল ফিতরের পর বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ওই সব খবরের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বগুড়ার মোটর শ্রমিকের নেতারা।গতকাল বেলা পৌনে একটায় ফরিদপুরে স্মারকলিপি পেশের সময় ওই দুটি শ্রমিক ইউনিয়নের নেতারা ছাড়াও জেলা বাসমালিক গ্রুপ ও মিনিবাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।স্মারকলিপিতে কোনো পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ার নাম উল্লেখ ছিল না। এতে বলা হয়, কতিপয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সড়ক পরিবহনশ্রমিক ও চালকদের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট তথ্য প্রচার করছে।তবে স্মারকলিপি পেশের আগে দেওয়া বক্তব্যে জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ আলম প্রথম আলো ও এর সম্পাদকের নাম উল্লেখ করে বিষোদগার করেন।এ প্রসঙ্গে শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শ্রমিকনেতা হলেও পরিবহনমালিকদের সমস্যা সমাধানে তিনি ভূমিকা রাখেন। তাঁর ব্যঙ্গচিত্র করায় আমি ক্ষুব্ধ হয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা ও সম্পাদক মতিউর রহমানের কথা উল্লেখ করেছি।’এর আগে দুপুর ১২টার দিকে দুটি যাত্রীবাহী বাসে করে শতাধিক শ্রমিক ও মালিকনেতা ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। বাস থেকে নেমে শ্রমিক ও মালিকনেতারা প্রথম আলো পত্রিকার সম্পাদকের নামে আপত্তিকর স্লোগান দেন।জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গত শনিবার মুঠোফোনে আমাদের আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথম আলো পত্রিকা ও এর সম্পাদকের কুশপুত্তলিকা দাহ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করতে নির্দেশ দিয়েছিলেন। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে প্রথম আলো পত্রিকা ও এর সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা সম্ভব নয় বলে জানিয়ে দিই। যুক্তি হিসেবে আমরা বলি, সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। আমাদের প্রতিটি সমস্যায় তাঁরা কার্যকর ভূমিকা রাখেন। পরে কেন্দ্র থেকে আমাদের শুধু স্মারকলিপি পেশ করার নির্দেশ দেওয়া হয়। স্মারকলিপিটিও ঢাকা থেকে লিখে পাঠানো হয়েছে, যা আমি গত মঙ্গলবার হাতে পেয়েছি।’গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকনেতা নৌপরিবহনমন্ত্রীর ব্যঙ্গ ছবি পত্রিকায় প্রকাশ করায় শ্রমিকেরা ওই স্লোগান দিয়েছে।গতকাল বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় এক বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ। এতে বক্তব্য দেন বগুড়া আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি কামরুল মোর্শেদ, সহসম্পাদক আনোয়ার হোসেন, শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজ উদ্দিন খান প্রমুখ।সভাপতির বক্তব্যে আবদুল লতিফ মণ্ডল সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘কলম বন্ধ হয়ে গেলেও দেশ চলবে, কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেলে দেশ চলবে না।’ তিনি ডিসি ও এসপির উদ্দেশে বলেন, ‘আমরা ধর্মঘট ডাকলে আপনাদের গাড়ি কে চালাবে। তারাও আমাদের শ্রমিক।’ তিনি সংরক্ষিত আসনের নারী সাংসদ তারানা হালিম সম্পর্কে বলেন, ‘নির্বাচন না করে এমপি হয়েছেন। নির্বাচন করে এমপি হয়ে এসে বড় বড় কথা বলবেন।’ লতিফ মণ্ডল যোগাযোগমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘সময় থাকতে পদত্যাগ করুন।’