বগুড়া আ.লীগের সভায় ঠাঁই হলো না জেলা নেতাদের
বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার বিশেষ অধিবেশনে কেন্দ্রীয় নেতাদের সামনে জেলা কমিটির কোনো নেতা বক্তব্য দিতে পারলেন না। জেলা কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে ওই সভায় আমন্ত্রণও জানানো হয়নি। এমনকি দলের স্থানীয় দুই সাংসদ সভায় আমন্ত্রণ পাননি। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করেছেন, সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, গত রোববারের বর্ধিত সভায় তৃণমূল নেতারা যোগ দিয়েছেন। কিন্তু তাঁরা কথা বলার সুযোগ পাননি। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতির স্বৈরাচারী মনোভাবের কারণে বগুড়ায় আওয়ামী লীগ পিছিয়ে পড়ছে। অথচ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া থেকে আওয়ামী লীগ গত জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়লাভ করেছে।বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান উপস্থিত ছিলেন।সভা উপলক্ষে গত শনিবার রাতে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলমসহ অন্য অতিথিরা স্থানীয় সার্কিট হাউসে এক সভায় মিলিত হন। এতে স্থানীয় আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের স্বৈরাচারী মনোভাবের কারণে দলের মধ্যে কোন্দল বেড়ে গেছে। শুধু তাই নয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি সিএনজি অটোরিকশার নিবন্ধন দেওয়ার নামে বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যমেলার নামে জুয়া ও হাউজি চালানো, টিসিবির ডিলার নিয়োগের নামে টাকা এবং সারের ডিলার দেওয়ার নামে লাখ লাখ টাকা আদায় করেছেন। জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত সভায় জেলা কমিটির ৭১ জন ও ১২টি উপজেলার কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানোর কথা। কিন্তু দেখা গেছে, জেলা কমিটির অনেক শীর্ষ নেতাই আমন্ত্রণপত্র পাননি। আমন্ত্রণ না পেয়েও অনেকে বর্ধিত সভার প্রথম অধিবেশনে যোগ দেন। বগুড়া-১ আসনের সাংসদ ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানকে আমন্ত্রণ জানানো হয়নি। সে জন্য তিনি সভায় যোগ দেননি। বগুড়া-৫ আসনের সাংসদ প্রথমে না এলেও পরে যোগ দিয়েছেন। জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, বর্ধিত সভাগুলোতে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের থাকার কথা নয়। কিন্তু দলের জেলা সভাপতি গায়ের জোরে তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামী লীগ থেকে আমন্ত্রণপত্র লেখা হলেও অনেক নেতার কাছে সেই পত্র পৌঁছেনি। জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, টি এম মুসা, সাংগঠনিক সম্পাদক টি জামান নিকেতা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহাদত্ আলমসহ অনেকে আমন্ত্রণ পাননি। অবশ্য তাঁরা প্রথম অধিবেশনে যোগ দেন। কিন্তু দ্বিতীয় অধিবেশন শুরুর আগেই মাইকে ঘোষণা দেওয়া হয়, যাঁদের কাছে আমন্ত্রণপত্র রয়েছে, তাঁরাই দ্বিতীয় অধিবেশনে থাকতে পারবেন। এ অবস্থায় আমন্ত্রণ না পাওয়া নেতারা দ্বিতীয় অধিবেশনে যোগ দেননি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘আমন্ত্রণপত্র কমিটির সদস্য সবাইকে দেওয়া হয়েছে। বিতরণের সময় সমস্যা হতে পারে।’ দ্বিতীয় অধিবেশনে মাইকে আমন্ত্রণপত্র ছাড়া কেউ সভাস্থলে থাকতে পারবে না—এ কথা কে বলেছে, তা তিনি জানেন না।সভায় জেলা কমিটির শীর্ষ নেতাদের আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘ইউনিয়নপর্যায়ের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।’ কিন্তু তাঁরা তো কোনো কথা বলার সুযোগ পাননি—এমন প্রশ্নের জবাবে মমতাজ উদ্দিন জানান, কেন্দ্রীয় নেতারা সুযোগ না দিলে তিনি কী করতে পারেন! তাঁর বিরুদ্ধে আনীত অন্য সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।