বগুড়া আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জজ আদালত চত্বরে গতকাল মঙ্গলবার বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত আওয়ামী আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে হাতাহাতি হয়েছে। তাঁরা একে অপরের চেয়ার-টেবিলও ভাঙচুর করেন। আদালত চত্বরে স্থাপিত সাব-পোস্ট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী নেতাদের দাওয়াত না দেওয়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।এই ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আজ বুধবার আদালত বর্জন এবং আওয়ামী আইনজীবী সমিতি প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। আইনজীবী এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বগুড়া জজ আদালত চত্বরে সম্প্রতি একটি সাব-পোস্ট অফিস নির্মিত হয়। গত সোমবার জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খান পোস্ট অফিসটির উদ্বোধন করেন। তাঁরা একই সঙ্গে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরও নেতা। জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়া সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের আমন্ত্রণ জানাননি। বিষয়টি নিয়ে আওয়ামী আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। গতকাল দুপুর ১২টার দিকে বগুড়ার সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী রেজাউল করিম জজ আদালতের বারান্দায় জেলা আইনজীবী সমিতির নেতা আতাউর রহমান খানকে বলেন, ‘পোস্ট অফিস উদ্বোধন করা হলো একটা দাওয়াতও পেলাম না।’ এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতাউর রেজাউলকে ধাক্কা মারেন। এ সময় অন্য আইনজীবীরা এসে তাঁদের শান্ত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এই খবর শুনে আওয়ামী আইনজীবী সমিতির ক্ষুব্ধ সদস্যরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এর প্রতিবাদে বেলা দেড়টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আইনজীবী ভবনের নিচতলায় সাবেক পিপি রেজাউলসহ তাঁর সমর্থক আইনজীবীরা বসে ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে কয়েকজন আইনজীবী রেজাউলের উদ্দেশে ‘ধর, ধর’ বলে আইনজীবী ভবনের নিচতলায় প্রবেশ করেন। তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের সাত-আটটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে আইনজীবী আবু জাবেদ জয় ও আতাউর রহমান সামান্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সেখান থেকে বের করে দেয়। এর প্রতিবাদে ফোরামের আইনজীবীরা আদালত চত্বরে সমাবেশ করেন।এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান খান বলেন, ‘তাৎক্ষণিকভাবে এই পোস্ট অফিস উদ্বোধন করা হয়। তাই তাঁদের আমন্ত্রণ জানানো যায়নি।’ তিনি অভিযোগ করেন, ‘দাওয়াত না দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর এবং আমাদের কার্যালয় ভাঙচুর করেছেন।’সাবেক পিপি ও আইনজীবী রেজাউল করিম বলেন, ‘আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমার সমসাময়িক হওয়ায় তাঁকে বলেছিলাম, পোস্ট অফিস উদ্বোধন হলো আমন্ত্রণ পেলাম না। এই কথা বলার পর তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন। পরে তাঁরা এক জোট হয়ে আমাদের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।’বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।