বগুড়া এপিবিএন মাঠে কান্নার রোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ছয়জন সদস্যের জানাজা গতকাল বুধবার বগুড়া এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়। বেলা সোয়া দুইটায় দুটি পিকআপ ভ্যানে করে তাঁদের মরদেহ নাটোর পুলিশ লাইন থেকে বগুড়া এপিবিএন মাঠে এসে পৌঁছালে তাঁদের পরিবারের সদস্য, সহকর্মী ও উপস্থিত লোকজন কান্নায় ভেঙে পড়ে। মাঠজুড়ে দীর্ঘ সময় ধরে চলে মাতম। এ সময় সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।বগুড়া এপিবিএনের সদস্যরা নিহত সহকর্মীদের মরদেহ পিকআপ ভ্যান থেকে নামানোর পর এপিবিএনের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব মুহসীন ও বগুড়া এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) দেলোয়ার হোসেন কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানেই সারিবদ্ধ ছয়টি মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে কিছুক্ষণ মরদেহ রাখা হয়। পরে দাফনের জন্য মরদেহগুলো তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।মঙ্গলবার বিকেল চারটায় পিকআপ ভ্যানযোগে বগুড়া থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের জন্য যাওয়ার পথে নাটোরের তাকিয়ার ঢাল মোড় এলাকায় একটি বাসের সঙ্গে পিকআপটির সংঘর্ষে পুলিশের ওই ছয়জন সদস্য নিহত হন। তাঁরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কল্যাণপুর গ্রামের হাবিলদার আনিসুর রহমান, ঘাটাইল উপজেলার শরিফবাড়ী গ্রামের হাবিলদার ফিরোজ খান, বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের হাবিলদার শাহীন হোসেন, চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের হাবিলদার শাহেদুল আলম, বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী গ্রামের নায়েক হাফিজুর রহমান ও গাইবান্ধার সাঘাটা উপজেলার নাজমুল হুদা রাসেল। ছেলের নাম রাখা হলো না হাফিজুরের আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, তিন মাসের শিশুপুত্রের নাম রাখা ও মুখে ভাত দেওয়া হলো না আর্মড পুলিশ ব্যাটালিয়নের নায়েক হাফিজুর রহমানের। এর আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাঁর প্রাণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় মঙ্গলবার বিকেলে নাটোরের তাকিয়ার ঢাল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের ছয়জন সদস্যের মধ্যে নায়েক হাফিজুর রহমানের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী গ্রামে। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর থেকে তাঁর বাড়িতে চলছে মাতম। বুক চাপড়ে কাঁদছেন তাঁর বৃদ্ধ বাবা-মা আর স্ত্রী শাহিদা এবং স্কুলপড়ুয়া দুই শিশুকন্যা হেমি (১১) ও সম্পা (৮)। সরেজমিন বাগবাড়ী গ্রামে গিয়ে দেখা যায় হাফিজুরের বাড়িতে অগণিত শোকার্ত মানুষের ঢল। হাফিজুর সর্বশেষ গত শুক্রবার বাড়িতে এসে আগামী শুক্রবার তাঁর শিশুপুত্রের মুখে ভাত ও আকিকা করে নাম রাখার দিনক্ষণ ঠিক করে গিয়েছিলেন। সেই কথা স্মরণ করে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী শাহিদা বেগম। গতকাল বুধবার বাদ মাগরিব বাগবাড়ী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাফিজুরের মরদেহের দাফন সম্পন্ন হয়। তাঁর জানাজায় আদমদীঘি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক, সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই মুজিবর রহমান, স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজারো মানুষ শরিক হয়।