বগুড়া ও কাজীপুরে লক্ষাধিক মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুরে বন্যায় চরাঞ্চলের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এ তিনটি উপজেলায় গত দুই মাসে যমুনার ভাঙনে প্রায় ৩০০ ঘরবাড়ি বিলীন হয়েছে। আর ফরিদপুর সদর উপজেলার দুটি ইউনিয়নে গত ১৫ দিনে পদ্মার ভাঙনে ২৫০ একর জমি বিলীন হয়েছে।গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার করনিবাড়ী, কুতুবপুর, কালিতলা, ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের বৈশাখী, রাধানগর, বথুয়ারভিটা, ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কালিকাপুর, খাসরাজবাড়ী, পঁচাত্তরেরচর, নতুন মাইজবাড়ী, হাটগাছা, মাইজবাড়ী, নিশ্চিন্তপুরসহ বিভিন্ন চরের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।এদিকে কাজীপুরের কালিকাপুর, খাসরাজবাড়ী, পঁচাত্তরেরচর, নাটুয়ারপাড়া ধুনটের আটারচর পুকুরিয়া সারিয়াকান্দির করনিবাড়ী কালিতলা কুতুপপুরসহ কয়েকটি গ্রামে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত দুই মাসে এসব এলাকার প্রায় তিন শ ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে।ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, বগুড়ার ধুনট, সারিয়াকান্দি ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে।কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাঁর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের ৫০ হাজারের বেশি মানুষ এখন পানিবন্দী।ধুনটের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন জানান, বন্যার কারণে উপজেলার চরাঞ্চলের অনেক মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।এদিকে পদ্মার পানি বাড়ায় তীব্র ভাঙনের মুখে পড়েছে ফরিদপুর সদরের আলীয়াবাদ ও ডিক্রিরচর ইউনিয়ন। আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি এবং ডিক্রীর চর ইউনিয়নের ভুয়াডাঙ্গি, আলতাফ তালুকদারের ডাঙ্গি, খবির মুন্সীর ডাঙ্গি ও মজিদ মুন্সির ডাঙ্গি গ্রামে গত ১৫ দিনে প্রায় আড়াই শ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রায় ৮০টি পরিবার ভাঙনের আশঙ্কায় তাঁদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। পানির তোড়ে আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের একটি সড়কের দুই স্থানে ভেঙে গেছে। ফলে নদীর পানি গ্রামে ঢুকছে। আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আকতারুজ্জামান জানান, গদাধরডাঙ্গি গ্রামের আবুল হোসেনের বাড়ি থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত পদ্মার তীরের দুই কিলোমিটার অংশে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড় শ একর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল জানান, গত এক মাসে ইউনিয়নের ভুয়াডাঙ্গি, আলতাফ তালুকদারের ডাঙ্গি, খবির মুন্সীর ডাঙ্গি ও মজিদ মুন্সির ডাঙ্গি গ্রামে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে ইতিমধ্যে প্রায় এক শ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দর সিরাজুল হক বলেন, ‘আলীয়াবাদে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’