ত্রাণমন্ত্রী কুড়িগ্রাম ও গাইবান্ধা যাচ্ছেন আজ
বগুড়া ও কুড়িগ্রাম জেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন
দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। তীব্র স্রোতে কুড়িগ্রামের রৌমারী ও বগুড়ার শেরপুরে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। দু-এক জায়গায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি দেখতে আজ মঙ্গলবার কয়েকটি এলাকায় যাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা:
কুড়িগ্রাম: কুড়িগ্রামে ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি গতকাল যথাক্রমে বিপৎসীমার ৪৪ ও ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর জিঞ্জিরাম নদীর তীব্র স্রোতে জেলার রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের লালকুড়া বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৩০ মিটার ভেঙে গেছে। একই ইউনিয়নের ধনারচর গ্রামের বেড়িবাঁধটির ৮০০ ফুট পানির তোড়ে ভেসে গেছে। ফলে ইউনিয়নের ৫৩টি গ্রামের মধ্যে ৪৫টিই এখন পানিবন্দী। গত তিন দিনে এসব গ্রামের শতাধিক কাঁচা ঘর বন্যার পানিতে বিলীন হয়ে গেছে।
সার্বিক বন্যা পরিস্থিতি দেখতে আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর কুড়িগ্রাম আসার কথা রয়েছে। পরে তাঁর গাইবান্ধায়ও যাওয়ার কথা রয়েছে।
শেরপুর (বগুড়া): শেরপুরে বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে ভাঙন দেখা দিয়েছে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সুঘাট ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বাঙ্গালী নদীর পানি বৃদ্ধির কারণে ওই বন্যানিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই দিনে ৬ ফুট প্রশস্ত বাঁধের ২ ফুট নদীর মধ্যে ভেঙে পড়েছে। বাঁধের প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে এই ভাঙন দেখা দিয়েছে। এতে করে বন্যার ঝুঁকিতে রয়েছে আশপাশের ১০টি গ্রাম।
উপজেলার খানপুর ইউনিয়নেও বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে। পানিতে নিমজ্জিত হয়ে এই ইউনিয়নের ১২টি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খানপুর ও খামারকান্দি ইউনিয়নের ২১টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।
সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কাজীপুরের মাইজবাড়ী, ঢেকুরিয়া, শুবগাছা, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, নাটুয়ারপাড়া ও শাহজাদপুরের গালা, জালালপুর, কৈজুরী, রূপবাটি, সোনাতনী, সদরের খোকশাবাড়ি, রতনকান্দি, চৌহালীর খাসরাজবাড়ীসহ পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়ে পড়েছে। এলাকাগুলোর ১ লাখ ৩০ হাজার মানুষ এখন পানিবন্দী।
এদিকে গত রোববার বিকেলে উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের মোমেনা খাতুন (৫৫) বাড়ির পাশের গজারিয়া নদীর খালে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে নিখোঁজ হন। গতকাল সকালে তাঁর লাশ এক কিলোমিটার দূরের পূর্ণিমাগাতী সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়।
গাইবান্ধা: জেলায় ব্রহ্মপুত্র নদের পানি ৩ সেন্টিমিটার কমলেও গতকাল তা বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। করতোয়া ও তিস্তা নদীর পানিও কিছুটা কমেছে। আর ঘাঘট নদের পানির উচ্চতা অপরিবর্তিত ছিল। এ নদের পানি গতকাল বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সরিষাবাড়ী (জামালপুর): উপজেলায় গত সাত দিনে ৩ হাজার হেক্টর রোপা-আমন খেত তলিয়ে গেছে। পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ৪০টি গ্রামের ২০ হাজার মানুষ এখন পানিবন্দী। বন্যার পানি প্রবেশ করায় ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। বন্যার পানিতে পড়ে এই উপজেলায় গতকাল তিন ঘণ্টার ব্যবধানে চার শিশুর মৃত্যু হয়েছে।