বগুড়া ও জয়পুরহাটে খালেদা জিয়ার চার কর্মসূচি আজ
সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের পরিবার ও মন্দির ভাঙচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়কে সমবেদনা জানাতে আজ রোববার বগুড়া ও জয়পুরহাটে চারটি কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও মন্দির কমিটিকে আর্থিক অনুদান দেবেন বলে স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন।খালেদা জিয়া ঢাকা থেকে সড়কপথে গতকাল শনিবার রাত নয়টার দিকে বগুড়ায় পৌঁছান। তাঁকে স্থানীয় বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও উৎসুক জনতা স্বাগত জানান। তিনি বগুড়ার সার্কিট হাউসে রাত যাপন করছেন। বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়া আজ সকালে প্রথমে শহরের মাটিডালি মোড়ে বগুড়া সদর ও শিবগঞ্জে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানাবেন। সেখানে একটি পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুরে একই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন। সেখান থেকে বগুড়ায় ফিরে বিকেলে গাবতলী উপজেলার সোনারায়, কাগইল ও রামেশ্বরপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও পথসভায় বক্তব্য দেবেন। সর্বশেষ পথসভা হবে বগুড়ার শাজাহানপুরে।