বগুড়া ও নওগাঁয় ৪ নারীকে হত্যা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামে গত মঙ্গলবার সাজেদা বেগম (৩০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন শিবগঞ্জের উত্তর সৈয়দপুর গ্রামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার শিবগঞ্জের কাঠগাড়া গ্রামে দুর্বৃত্তরা আরেক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে গত মঙ্গলবার সকালে তাঁর স্ত্রী সাজেদা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে বেদম মারধর করেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে তিনি সেখানে মারা যান। দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর বলেন, অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার উত্তর সৈয়দপুর গ্রামে জমি নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের লোকজন মৃত ছমির উদ্দিনের স্ত্রী আলতাফুন নেছাকে (৯৫) পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বৃদ্ধার ছেলে আবদুর রহমান শিবগঞ্জ থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় কাঠগাড়া গ্রামের নূরুল ইসলামের স্ত্রী জোবেদা খাতুনকে (৫০) কে বা কারা গলা কেটে হত্যা করেছে। তাঁর লাশ কাঠগাড়া মসজিদের পাশে পড়ে ছিল। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে। এ ঘটনার জের ধরেই ওই হত্যাকাণ্ড হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, দুই নারীকে হত্যার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আদমদীঘি (বগুড়া): মঙ্গলবার দুপুরে নওগাঁ সদরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী শহিদুল ইসলামকে আটক করেছে।
নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় মৌসুমী আকতার নামের এক গৃহবধূকে মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী ফারুক হোসেন, শ্বশুর তোফাজ্জল হোসেন ও শাশুড়ি ফাতেমা বেগম পলাতক রয়েছেন।বুধবার দুপুরের দিকে ঘরে মৌসুমীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান আশপাশের লোকজন।
তিনজনের লাশ উদ্ধার: রাজশাহীর বাগমারায় নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল এনামুল হক (৪২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ শহরের আরজি-নওগাঁ মহল্লার একটি ডোবা থেকে মঙ্গলবার আবু সাইদ (৩৫) নামের এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন আলীনগর রেলবস্তি থেকে গত বুধবার বিকেলে সোনিয়া খাতুন (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, সোনিয়াকে বাড়িতে একা রেখে তার মা শাবানা বেগম তাঁর বোনের বাড়িতে বেড়াতে যান। তাই মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করে সোনিয়া। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।