বগুড়া ও বরিশালে ছাত্র শিবিরের ১৮ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের গোহাইল সড়কে গতকাল সোমবার মিছিল করার সময় ইসলামী ছাত্রশিবিরের ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল নগরে বিক্ষোভ মিছিল করার সময় আটক করা হয়েছে শিবিরের পাঁচ কর্মীকে।বগুড়ায় প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দুইটার দিকে গোহাইল সড়কের পৌর উদ্যান থেকে ছাত্রশিবির একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলে সরকারবিরোধী বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। শহরের সাতমাথা হয়ে মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। মিছিল থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, সামিরুল ইসলাম (২২), আকরাম হোসেন (১৮), ইদ্রিস আলী (২২), সাব্বির হোসেন (২৬), জয়নাল আবেদীন (২৪), খায়রুল ইসলাম (১৭), জহুরুল ইসলাম (১৯), ওয়াহাব আলী (১৯), তানজিন মণ্ডল (১৮), রুবেল রানা (২১), রুহুল আমিন (২০), আরিফুল ইসলাম (২৬) ও মোহাম্মদ কাফি (২৫)। সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহদত হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ১৩ জনই তাঁদের কর্মী। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে মিছিল এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় তাঁদের আটক করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।