বগুড়া ও রামুতে ডাকাতের হামলায় নিহত ২
বগুড়া ও কক্সবাজারের রামু উপজেলায় গত শনিবার ও রোববার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা রামুতে গুলি করে শাহজাহান মিয়া (২১) ও বগুড়ায় নৈশপ্রহরী শাহাদৎ হোসেনকে (৬২) গলা টিপে হত্যা করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:রামু (কক্সবাজার): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে মুখোশ পরা আট-দশজন ডাকাত উপজেলা পরিষদের পাশে ব্যবসায়ী মোস্তাক আহম্মদের বাড়ির দোতলার দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা গৃহকর্তার ভাই মো. শাহ আলম (৪০), বাড়ির কাজের ছেলে মো. সেলিম (১২) ও কাজের মেয়ে কুলছুমকে (৯) মারধর করে। এরপর স্টিলের আলমারি ভেঙে ৬০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোনসেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় পথে ডাকাতেরা সিকদারপাড়ায় শাহজাহান মিয়া (২১) নামের এক ট্রাকশ্রমিককে গুলি করে হত্যা করে। শাহজাহান মিয়ার বাবা মো. ইউসুফ জানান, ডাকাতেরা চলে যাওয়ার সময় আগুন লেগেছে বলে চিৎকার করে। ওই চিৎকার শুনে শাহজাহান ও তাঁর বড় ভাই মো. ইউনুচ টর্স নিয়ে ঘর থেকে রাস্তায় বের হয়। টর্সের আলো ডাকাতের মুখে পড়ার সঙ্গে সঙ্গে তারা শাহজাহানকে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক ও থানার ওসি গিয়াসউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। বগুড়া: সদর থানার পুলিশ ও ওয়ার্কশপের নৈশ প্রহরী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে শহরতলির বারপুরের দোয়েল মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দেয়াল টপকে সাত-আটজন ডাকাত ভেতরে ঢোকে। তারা জেনারেটর কক্ষে ঘুমিয়ে থাকা নৈশ প্রহরী সোলায়মানকে (৬৫) বেঁধে ফেলে রাখে এবং অপর নৈশ প্রহরী শাহাদৎ হোসেনকে (৬২) গলা টিপে হত্যা করে। এরপর তারা কারখানার ধাতব মালামাল ২০টি বস্তায় ভরে নিয়ে যায়। রোববার ভোরে স্থানীয় লোকজন কারখানার ভেতরে মানুষের গোঙানির শব্দ শুনে ঢুকে সোলায়মানকে উদ্ধার করে এবং শাহাদাতের লাশ দেখতে পায়। সদর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর ডাকাতি হওয়া মালামাল রোববার একটি জঙ্গলে পাওয়া গেছে। সোলায়মানের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।