বগুড়া ও লালমনিরহাটে পত্রিকা বহনে নিয়োজিত গাড়িতে হামলা
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে গতকাল মঙ্গলবার বগুড়া ও লালমনিরহাটে প্রথম আলো পত্রিকা পরিবহনের কাজে নিয়োজিত গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে প্রথম আলো পত্রিকা পরিবহনে নিয়োজিত কাজলা পরিবহনের ব্যবস্থাপক ফারুক হোসেন জানান, পঞ্চগড় থেকে পত্রিকা সরবরাহ করে ফেরার মাইক্রোবাস ফিরছিল। বিকেল পাঁচটার দিকে বগুড়ার চারমাথা-সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় পিকেটাররা গাড়িতে হামলা চালায়। এর আগে বেলা ১১টার দিকে প্রথম আলোর অন্য একটি গাড়ি কুড়িগ্রাম থেকে বগুড়া ফেরার পথে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি হাট এলাকায় গাড়িতে ভাঙচুর চালানো হয়। বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন বলেন, সংবাদপত্রবাহী গাড়ি হরতালের আওতামুক্ত। কোনো পত্রিকার গাড়িই ভাঙচুর করার কথা নয়। হরতালে কেউ যাতে এ ধরনের গাড়ি ভাঙচুর না করে, সে ব্যাপারে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হবে।বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, হরতাল-সমর্থকেরা সংবাদপত্রের গাড়ি ভাঙচুর করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হরতালে সংবাদপত্রবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হবে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন বলেন, পত্রিকার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগের দিন সোমবার রংপুর ও রাজশাহী বিভাগে বিএনপির ডাকা হরতাল চলাকালে বগুড়ার এরুলিয়া এলাকায় ডেইলি স্টার পত্রিকা বহনকারী গাড়িতে হামলা চালায় হরতাল সমর্থকেরা।