বগুড়া কারাগারে ধারণ ক্ষমতার তিন গুণ বন্দী
বগুড়া জেলা কারাগারে বর্তমানে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার তিন গুণ। ফলে গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ ছাড়া কারাগারের সবগুলো চিকিৎসক পদ শূন্য থাকায় স্বাস্থ্য নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বন্দীরা। কারাগার সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলায় পুলিশের গ্রেপ্তার অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রদানের ঘটনা বেড়ে গেছে। ফলে বন্দীর সংখ্যাও বেড়ে গেছে। কারাগারে ৬৭২ জন পুরুষ এবং ৩৬ জন নারী বন্দীসহ মোট ৭০৮ জন বন্দীর ধারণক্ষমতা রয়েছে। এর বিপরীতে ২১ অক্টোবর পর্যন্ত কারাগারে বন্দীর সংখ্যা ছিল প্রায় দুই হাজার। এর মধ্যে এক হাজার ১০০ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি এবং অবশিষ্ট বন্দীরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া হাজতি। ওই দিন পর্যন্ত ৩৬ জন নারী বন্দীর ধারণক্ষমতার বিপরীতে নারী কয়েদি ও হাজতি ছিল ৮০ জন। বন্দীর সংখ্যা ধারণক্ষমতার প্রায় তিন গুণ হওয়ায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কারাগারের কয়েকজন সাজাপ্রাপ্ত বন্দী জানান, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী থাকার কারণে কারা অভ্যন্তরে বর্তমানে আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে। একজনের জায়গায় তিনজনকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। আবাসন সংকট ছাড়াও চিকিৎসক না থাকায় তাঁরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া তাঁদের জন্য সরবরাহ করা খাবারের মান খুবই খারাপ বলে তাঁরা অভিযোগ করেন। নাম প্রকাশ না করার শর্তে কারাগারের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বন্দীদের সংখ্যা বেড়ে যাওয়ায় কারাগারে আবাসন সংকট চরম আকার ধারণ করেছে। সংকট সমাধানে নতুন ভবন নির্মাণ করে ধারণক্ষমতা বাড়ানো এবং পুরো কারা সীমানায় সুরক্ষিত নিরাপত্তা-প্রাচীর নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে।ধারণক্ষমতার চেয়ে বন্দীর সংখ্যা বেশি হলেও বন্দীদের কোনো সমস্যা নেই দাবি করে বগুড়া কারাগারের তত্ত্বাবধায়ক আল-মামুন প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক সাজা প্রদান অব্যাহত থাকায় বন্দীর সংখ্যা বেড়েছে। তবে খাবার নিয়ে বন্দীদের অভিযোগ সঠিক নয়।