বগুড়া-কুড়িগ্রামে বন্যা, সাতক্ষীরা ও মাদারীপুরে বাঁধভাঙা প্লাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষ ও উজান থেকে মেনে আসা ঢলে কুড়িগ্রামে বন্যা দেখা দেওয়ায় দুই শতাধিক চরের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। কপোতাক্ষ নদের পানির তোড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে শ্যামনগর উপজেলার ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। মাদারীপুরে দুটি স্থানে বাঁধ ভেঙে প্লাবন দেখা দিয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: পাউবো সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ধরলায় ১১, ব্রহ্মপুত্রে ১৩, দুধকুমারে ৯ সেন্টিমিটার পানি বেড়েছে। রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের কাছে ধরলা নদীতে নৌকাডুবিতে মুক্তো (১৩) নামে এক শিশু মারা গেছে। দুধকুমারের ভাঙনে ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট স্থলবন্দর সংযোগ সড়কের পাকা রাস্তার কিছু অংশ ডেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার স্থানীয় মানুষ ভাঙন প্রতিরোধের জন্য বিক্ষোভ ও সমাবেশ করে। সদর উপজেলার যাত্রাপুরের কালীর আলগা, ঝুনকার চর, ভগবতীর চর, মশালের চর, বেগমগঞ্জ, সাহেবের আলগা, চিলমারী, অষ্টমীরচর, নয়ারহাট ইউনিয়নের প্রায় পুরোটাই এখন পানির নিচে। রৌমারী, উলিপুর ও রাজীবপুর উপজেলায় অনেক চরগ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকার আমন ও সবজি ক্ষেত ডুবে গেছে। চিলমারীর নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নওশাদ আলী জানান, তাঁর ইউনিয়নের ২২টি গ্রামের সব কটি এখন পানির নিচে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সোমবার চিলমারীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা জানান, তাঁরা সতর্ক দৃষ্টি রাখছেন। বগুড়া: পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল সোমবার সকালে সারিয়াকান্দিতে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে যমুনার চরে চালুয়াবাড়ী ইউনিয়ন, কাজলা, কর্নিবাড়ী, বোহাইলসহ হাটশেরপুর ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। চন্দবাইশা ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ধুনট উপজেলার শিমুলবাড়ী, সহড়াবাড়ী, বালিয়াহাটা, আটারচর পুকুরিয়া, নিউসারিয়াকান্দি, ভূতবাড়ী, ভাণ্ডারবাড়ী, বড়ইতলী, কৈয়াগাড়ী, কচুগাড়ী ও বানিয়াজান গ্রাম প্লাাবিত হয়েছে। রাধানগর, বথুয়ার ভিটা ও বৈশাখী চরের বসত ভিটায় আটকা পড়েছে আড়াইশ পরিবারের মানুষ। বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মমতাজ হোসেন জানান, যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো বাঁধের কোনো ক্ষতি হয়নি।সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মোকছেদ সরদার ও আবদুল ওহেদ মাঝি জানান, এ গ্রামের সফিকুল ইসলামের বাড়ির পাশের ৩০০ ফুট ও কেদারবাজারসংলগ্ন আবুল মোল্যার বাড়ির পাশের ৬০০ ফুট রিং বাঁধে কয়েক দিন আগে ফাটল দেখা দেয়। গতকাল ইউনিয়নের একের পর এক গ্রাম প্লাবিত হতে থাকে। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বাঁধ ভেঙে ইউনিয়নের ১৫টি গ্রামের মধ্যে পদ্মপুকুর, গড়কোমরপুর, কেদারবাজার, পাখিমারা, কামালকাটি, সোনাখালী, খুটিকাটা, বাইনতলা, ঝাপা ও বন্যতলা গ্রাম পানিতে তলিয়ে গেছে। শতাধিক চিংড়ি ঘের ভেসে গেছে। গতকাল সকাল থেকে বাঁধ মেরামতের চেষ্টা চালানো হচ্ছে। সাতক্ষীরা পাউবোর সেকশন কর্মকর্তা (এসও) রহুল কদ্দুস ঘটনা নিশ্চিত করে বলেন, ভাঙনকবলিত বাঁধ মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদারীপুর: মাদারীপুরে বন্যার পানির স্রোতে গতকাল মাদারীপুর-শ্রীনদী সড়কের জলকার ব্রীজ নামক স্থানে সড়কের প্রায় ২০০ ফুট ভেঙে গেছে। এতে মাদারীপুর-শ্রীনদী সরাসরি বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই দিন সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার-হবিগঞ্জ সড়কের মিরিকদিয়া এলাকায় সড়কের প্রায় ১০০ ফুট এলাকা ভেঙে গেছে। আগের দিন রাজারহাট-চরনাচনা বেড়িবাঁধের ৩০০ ফুট ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।