বগুড়া ক্যান্টনমেন্ট ও আযিযুল হকের সাফল্যের ধারা অব্যাহত
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি আযিযুল হক কলেজ তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখলেও শতভাগ পাসের তালিকায় আসতে পারেনি। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫-এর সংখ্যা বাড়লেও রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তারা যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছে। গত দুই-তিন বছরের পরিসংখ্যান হিসাব করে দেখা গেছে, তারা আগের অবস্থানেই রয়েছে। গত বছর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৪৪৬ জন। সবাই পাস করেছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ২৬৩ জন। শিক্ষাপ্রতিষ্ঠানটি গত বছর রাজশাহী বোর্ডে ২০ সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ হয়েছিল। এ বছর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬১৩ জন; জিপিএ-৫ পেয়েছে ৩৭৫ জন। শিক্ষাপ্রতিষ্ঠানটি এবারও বোর্ডে চতুর্থ স্থান অধিকার করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. আবদুল হান্নান বলেন, ‘এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের ব্যতিক্রমী কোচিং ক্লাস ও মডেল টেস্ট।’অপর দিকে বগুড়ার সরকারি আযিযুল হক কলেজ গত বছর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বোর্ড সেরা ২০ কলেজের মধ্যে পঞ্চম স্থানে ছিল। এবার গত বছরের তুলনায় জিপিএ-৫ বেশি পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর সরকারি আযিযুল হক কলেজে থেকে এক হাজার ৫২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৬২৯ জন। এ বছর এক হাজার ৩৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬২৮ জন। বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ছালামত উল্লাহ বলেন, ‘এই সাফল্য শুধু আমার একার নয়। শিক্ষক, ছাত্র ও অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ এমন ফল হয়েছে। শিক্ষকেরা নিয়মিত পরীক্ষা নিয়েছেন এবং অভিভাবকেরা যত্নশীল ছিলেন বলেই ভালো ফলাফল হয়েছে।’