বগুড়া চেম্বারকে দেওয়া হলো কোটি টাকার সেই সরকারি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ঝাউতলা সড়কে অবস্থিত বহুল আলোচিত কোটি টাকার সরকারি জমি অবশেষে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজকে ইজারা দেওয়া হয়েছে। ৯ অক্টোবর সরকারি জমির আড়াই শতক বগুড়া চেম্বারকে এবং শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আধা শতক জায়গা ইজারা দেওয়া হয়। শরিফুল আবার তাঁর অংশটি বগুড়া চেম্বারকে দিয়ে দিয়েছেন।বিষয়টি এত দিন গোপন ছিল। বগুড়া চেম্বার গতকাল রোববার থেকে তাদের জমির পাশে সরকারি ওই জমিতে অস্থায়ী নির্মাণকাজ শুরু করলে বিষয়টি আবার আলোচনায় আসে।জেলা প্রশাসন সূত্র জানায়, ঝাউতলা সড়কে অবস্থিত প্রায় পৌনে পাঁচ শতক জায়গাটি অর্পিত সম্পত্তি। এর দুই শতক জায়গা ইজারা নিয়ে ২৬ বছর ধরে ব্যবসা করছিল দেশের অন্যতম পুরোনো শিল্পপ্রতিষ্ঠান তাজমা সিরামিক ইন্ড্রাস্ট্রিজ। অন্যদিকে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী ফরিদ আহমেদের দখলে আছে পৌনে দুই শতক জায়গা। প্রায় এক শতক জায়গা ছিল আমজাদ হোসেন ও তাঁর ভাতিজা শরিফুল ইসলামের।গত ১৪ জুলাই পর্যন্ত জমিটি তাজমা সিরামিক ও আমজাদ হোসেনের দখলেই ছিল। ১৫ জুলাই কোনো অনুমতি ছাড়াই চেম্বার ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে চেম্বারের নেতারা জায়গাটি দখল করেন। এ নিয়ে পরদিন প্রথম আলোয় ‘বগুড়ায় আ.লীগ নেতার নেতৃত্বে কোটি টাকার জায়গা দখল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর জায়গাটি দখলে নেয় প্রশাসন।এ নিয়ে আদালতে মামলা করেন আমজাদ। আমজাদ প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি আবার ইজারা পেতে মামলা করেছিলাম। ওই মামলা গত ২৫ সেপ্টেম্বর খারিজ হয়। এ রায়ের বিরুদ্ধে ৫ অক্টোবর উচ্চ আদালতে আপিল করি। আগামী ২১ নভেম্বর এ নিয়ে শুনানি হওয়ার কথা। কিন্তু আপিল নিষ্পত্তি না হতেই প্রশাসন জায়গাটি বগুড়া চেম্বারকে ইজারা দিয়েছে। এ জায়গার সঙ্গে আমার ভাতিজার (শরিফুল) জায়গা ছিল। ও চেম্বারের সঙ্গে আপস করে সামান্য কিছু জায়গা ইজারা নিয়ে আবার চেম্বারকে দিয়েছে।’যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান বলেন, বিধি অনুসরণ করে জায়গাটি এক বছরের জন্য বগুড়া চেম্বার ও শরিফুল ইসলামকে ইজারা দেওয়া হয়েছে। শরিফুল তাঁর সামান্য অংশের জায়গা চেম্বারকে দিয়ে দিয়েছেন। চেম্বার সেখানে জমি কিনে কার্যালয় করায় নিয়ম অনুযায়ী পাশের সরকারি জমি তারাই পাবে।