বগুড়া ছাত্রদলের কমিটি ঘোষণা, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি এ অনুমোদন দেয়। এদিকে কমিটি ঘোষণার পর সংগঠনের সাধারণ সম্পাদক ও তাঁর পক্ষের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। নতুন কমিটিতে কারাগারে থাকা ব্যক্তি, অছাত্র ও ব্যবসায়ীদের রাখা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। এ কমিটি বাতিল করা না হলে তাঁরা পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩০ মে জেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বছরের ৪ জুন জাহাঙ্গীর আলমকে সভাপতি, হাসানুজ্জামানকে জ্যেষ্ঠ সহসভাপতি, শাহাবুল আলমকে সাধারণ সম্পাদক, সাখাওয়াৎ হোসেনকে যুগ্ম সম্পাদক এবং ফারুকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্র থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই ছয়জনের কমিটি ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গঠন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। ওই দুজনের বিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। এরপর ১০ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কমিটি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম বলেন, কমিটিতে যুগ্ম সম্পাদক করা হয়েছে সরকার মুকুলকে। একটি মামলায় তাঁর সাজা হয়েছে। সহ-ক্রীড়া সম্পাদক সৌরভ হাসান ছিনতাইয়ের অভিযোগে কারাগারে রয়েছেন। এ ছাড়া অছাত্র ও ব্যবসায়ীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে। কমিটি অনুমোদন দেওয়ার আগে কেন্দ্রীয় কমিটি তাঁদের কিছুই জানায়নি। এই কমিটি বাতিল না করলে তাঁরা পদত্যাগ করবেন। শাহাবুল আলম বলেন, ‘শুনেছি, কমিটি অনুমোদন করা হয়েছে। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না। একপেশে কমিটি করা হয়েছে।’সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কমিটিতে নতুনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কমিটিতে চার-পাঁচজন অছাত্র থাকতে পারে। সরকার মুকুল ও সৌরভ হাসানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়। সরকার মুকুলের বিরুদ্ধে বেশ কটি মামলা রয়েছে। তাঁকে পুলিশ কয়েকবার গ্রেপ্তারও করেছিল। সৌরভ হাসান পারিবারিক মামলায় কারাগারে রয়েছেন।